হিমাংশু ভাউ (বাঁ দিকে) এবং এলভিশ যাদব (ডান দিকে)ছবি: X
Published on
:
2 min read
দিল্লি ও হরিয়ানার ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার হিমাংশু ভাউকে গ্রেপ্তার করল আমেরিকার তদন্তকারী সংস্থা FBI। কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবেই পরিচিত ছিলেন তিনি। শুক্রবার আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে তাঁকে পাকড়াও করা হয়। ধৃতের বিরুদ্ধে দিল্লি, হরিয়ানা ও উত্তরপ্রদেশে খুন, অপহরণ, তোলাবাজির একাধিক মামলা রয়েছে বলে জানা গিয়েছে।
হিমাংশু ভাউয়ের আসল নাম হিমাংশু রিতোলিয়া। হরিয়ানার রোহতকে বাড়ি তাঁর। ২০২২-এর শেষ দিকে ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরি করে ভারত ছেড়ে পালিয়েছিলেন তিনি। সূত্রের দাবি, হিমাংশু প্রথমে গিয়েছিলেন দুবাই। সেখান থেকে পর্তুগালে ঘাঁটি গাড়েন। শেষে চলে যান আমেরিকায়। একাধিক সংবাদমাধ্যমের দাবি, সুদূর ক্যালিফোর্নিয়া থেকেই দিল্লি-এনসিআর, হরিয়ানা ও পাঞ্জাব জুড়ে অপরাধ-চক্র চালাতেন তিনি।
ভারতীয় তদন্তকারী সংস্থাগুলির আবেদনের ভিত্তিতে ২০২৩-এর অগস্টে হিমাংশুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছিল ইন্টারপোল। সেই সময়ে খুন, খুনের চেষ্টা, তোলাবাজি, ভয় দেখানো এবং জালিয়াতি-সহ ১৮টি মামলা ছিল তাঁর বিরুদ্ধে। NIA, দিল্লি পুলিশ এবং হরিয়ানা পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকাতেও নাম রয়েছে তাঁর।
কে এই হিমাংশু ভাউ?
২০০২-এ রোহতকের রিতোলি গ্রামে জন্ম হিমাংশুর। অল্প বয়সেই হরিয়ানার অপরাধ জগতে ঢুকে নাম লেখান। সেই সময়ে একবার গ্রেপ্তারও হয়েছিলেন। হোমে রাখা হয়েছিল তাঁকে। কিন্তু সেখান থেকেও পালিয়ে যান। অভিযোগ, শুধু হরিয়ানা নয়, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং দিল্লি জুড়ে রীতিমতো সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন তিনি। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নীরজ বাওয়ানা গ্যাংয়ের সঙ্গে হিমাংশুর যোগাযোগ রয়েছে বলে অভিযোগ। তবে লরেন্স বিষ্ণোই ও গোল্ডি ব্রারের দল ছিল তাঁর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী।
হাই প্রোফাইল মামলায় নাম
দিল্লি ও হরিয়ানার একাধিক খুনের ঘটনায় হিমাংশুর গ্যাংয়ের সদস্যদের যোগ থাকার অভিযোগ উঠেছে। ইউটিউবার এলভিশ যাদবের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনাতেও নাম জড়িয়েছিল তাঁর। দক্ষিণ দিল্লির ফতেহপুরে এক জিম ট্রেনারকে গুলি করে খুনের নেপথ্যেও হিমাংশুর হাত ছিল বলে অভিযোগ। ২০২২-এ ২৪ ঘণ্টার মধ্যে হরিয়ানায় পর পর তিনটি খুন হয়। তার পরেই পুলিশের নজরে আসেন হিমাংশু।
