তেল আবিবগামী ফ্লাইটে বাংলাদেশসহ ৩১ দেশের পাইলট ও কেবিন ক্রুদের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছে ফরাসি বিমান সংস্থা ‘এয়ার ফ্রান্স’। মূলত ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয়ের জারি করা নতুন ও বিতর্কিত নির্দেশনার শর্ত মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।ফরাসি গণমাধ্যম ‘মিডিয়াপার্ট’ এবং মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, যেসব দেশের সঙ্গে ইসরায়েলের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই, সেসব দেশের কর্মীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। নিষেধাজ্ঞার কবলে পড়া ৩১টি দেশের মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে পাকিস্তান, ইরান, আলজেরিয়া ও তিউনিশিয়ার মতো দেশ।
এই নির্দেশনায় সরাসরি কোনো ধর্মের নাম উল্লেখ করা হয়নি। তবে জাতীয়তার ভিত্তিতে আরোপিত এই নিষেধাজ্ঞার ফলে দেশগুলোর মুসলিম পাইলট ও কেবিন ক্রুরা কার্যত চরম বৈষম্যের শিকার হচ্ছেন। এয়ার ফ্রান্স ইতিমধ্যে তাদের কর্মীদের দ্বৈত নাগরিকত্ব থাকলে তা দ্রুত প্রশাসনকে জানানোর নির্দেশ দিয়েছে। তথ্য গোপন করলে বা নির্দেশনা অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। তবে এমন বৈষম্যমূলক সিদ্ধান্তের কারণে ফ্রান্সে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এয়ার ফ্রান্স।
ইসরায়েলি সংবাদমাধ্যম এন১২-এর তথ্যমতে, গত ৩০ সেপ্টেম্বর ‘ফ্লাইদুবাই’য়ের এক ওমানি সহ-পাইলট দুবাই থেকে তেল আবিবগামী একটি বিমান ইসরায়েলের বিমানবন্দরে বিধ্বস্ত করার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার পর নিরাপত্তার অজুহাতে গত ১ অক্টোবর ইসরায়েল এই নতুন নিয়ম কার্যকর করে।
এই নির্দেশনার পর থেকে ইসরায়েলি বিমান সংস্থাগুলোও তাদের প্রায় আড়াই হাজার পাইলট ও কেবিন ক্রুর অতীত ইতিহাস যাচাইবাছাই শুরু করেছে। এদিকে, এয়ার ফ্রান্সের এই পদক্ষেপ নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা শুরু হলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
The post ইসরায়েলগামী ফ্লাইটে বাংলাদেশসহ ৩১ দেশের পাইলট-ক্রু নিষিদ্ধ appeared first on Mohona Tv.
