গাজীপুরে ভুয়া মামলা দিয়ে শতাধিক মানুষকে হয়রানির ঘটনায় লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা দায়েরের পর তদন্তের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আইন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আরিফুল ইসলাম শরীয়তপুরের সাবেক সিনিয়র সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে চাকরির মেয়াদে জেলা ও দায়রা জজ পদে উন্নীত হয়ে বর্তমানে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন।
তার বিরুদ্ধে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা অনুযায়ী অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, অভিযোগের যথাযথ তদন্ত ও অনুসন্ধানের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বিআলো/শিলি