Published on
:
2 min read
এই সময়: 'আননোন নম্বর ইনকামিং কল'—হামেশাই মুঠোফোনের স্ক্রিনে এই বার্তা দেখে থাকেন আপনি। ফোন ধরে ফেলার পর 'বিরক্ত' হন অচেনা নম্বরের উৎপাতে। নম্বরটা জানা থাকলে, ফোনটা হয়তো 'অ্যাভয়েড'ও করে যেতে পারতেন। তবে কেন্দ্রীয় সরকারের নির্দেশে আগামী ১ নভেম্বর থেকে এই ঝামেলা আর পোহাতে হবে না দেশবাসীকে। এক নির্দেশিকায় কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক সার্ভিস প্রোভাইডারদের জানিয়ে দিয়েছে, ওইদিন থেকে গ্রাহকদের পরিষেবায় 'কলিং নেম প্রেজেন্টেশন' পরিষেবা চালু করে দিতে হবে। যার জেরে ইনকামিং কল-এর সময় যিনি ফোন করছেন, তাঁর নাম এবং নম্বর, দু'টোই দেখতে পাবেন আপনি। ধরা বা না-ধরা, আপনার সিদ্ধান্ত। তবে শুধুমাত্র ৪জি এবং তার পরবর্তী প্রযুক্তির নেটওয়ার্কের জন্যই এই 'সুবিধা' মিলবে আপাতত। ২জি এবং ৩জি'র ক্ষেত্রে পরবর্তীকালে তা চালু করার কথা ভাবা হচ্ছে।
কোন নাম দেখতে পাবেন আপনি?
কোনও নম্বর নেওয়ার জন্য সিম নেওয়ার সময় ফর্মে যে তথ্য জমা দিয়েছেন সংশ্লিষ্ট গ্রাহক, টেলিকমিউনিকেশন সার্ভিস প্রোভাইডাররা (টিএসপি) সেই সাবস্ক্রাইবার রেকর্ড এবং কলিং লাইন আইডেন্টিফিকেশন (সিএলআই) তথ্য থেকে গ্রাহকতথ্য যাচাই করে, তাঁর নাম ও নম্বর দেখাবেন ফোনপ্রাপককে। সেই নম্বর যদি প্রাপকের ফোনে অন্য নামে আগেই 'সেভ' করা থাকে, তা হলে সেই নামই দেখা যাবে। না হলে টিএসপি'র কাছে থাকা নাম দেখা যাবে। তবে কল শেষ হওয়ার পর সেই নাম আর ফোনের তালিকায় দেখা যাবে না। আন্তর্জাতিক কল-এর ক্ষেত্রে 'ইন্টারন্যাশনাল কল' স্ক্রিনে দেখানোও বাধ্যতামূলক হচ্ছে।
যে সব 'সিম' এই নির্দেশিকা জারির পর নেওয়া হচ্ছে, তাঁদের জন্য ফর্মে দেওয়া নামই দেখাতে হবে। বাকিদের জন্য টেলিকম সংস্থাগুলিকে অবিলম্বে এমন কোনও পদ্ধতি চালু করতে হবে, যাতে গ্রাহক কোন নাম (প্রেফার্ড নেম) তাঁর নম্বরের সঙ্গে দেখাতে চান, সেটা তিনি বেছে দিতে পারবেন। যা খতিয়ে দেখে তা টিএসপি তালিকায় তুলে নিতে হবে পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে। তবে প্রাইভেট নম্বর ফেসিলিটি যাঁরা নিয়ে রেখেছেন, তাঁদের জন্য এই নয়া নিয়ম কার্যকর হবে না।
