KKL
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ বিষয়ক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।
দিবসটির কর্মসূচির শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা আক্তারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে কাউখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে তাৎক্ষণিকভাবে কীভাবে নিরাপদে নিয়ন্ত্রণে আনা যায়, সে বিষয়ে বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করেন। মহড়ায় আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। উপস্থিত কর্মকর্তা ও সাধারণ মানুষ গুরুত্বের সঙ্গে মহড়াটি প্রত্যক্ষ করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা আক্তারের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওহিদুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুম মিয়া, কাউখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ সাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইউএনও রেহানা আক্তার বলেন, “যেকোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার প্রধান হাতিয়ার হলো আগাম সচেতনতা ও সতর্কতা। এ বছরের প্রতিপাদ্য ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এটি আমাদের স্পষ্ট বার্তা দেয় যে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি প্রতিটি পরিবার ও নিজ ঘর থেকেই শুরু করতে হবে।”
তিনি আরও বলেন, “বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডারের ব্যবহার, বৈদ্যুতিক সংযোগ এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সবাই সচেতন হলে বড় ধরনের দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি অনেকাংশে এড়ানো সম্ভব।”
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
