কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি অবৈধ স্বর্ণখনি ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। দুর্ঘটনার পর নিখোঁজ রয়েছেন ১২ থেকে ১৫ জন খনি শ্রমিক। খবর আল জাজিরার
সোমবার (১৯ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
দেশটির নারিনো বিভাগের সান্তা বারবারা দে ইসকুয়ান্দে পৌরসভার প্রত্যন্ত চামবেরো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নারিনো বিভাগের গভর্নর লুইস আলফোনসো এসকোবার জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে উদ্ধার ও তল্লাশি অভিযান শেষ হয়েছে।
এদিকে, নারিনোতে দুর্যোগ মোকাবিলার দায়িত্বে থাকা কর্মকর্তা হোর্হে তোভার কাস্তিলো জানিয়েছেন, দুর্ঘটনার পর আরও ১২ থেকে ১৫ জন খনি শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। তিনি বলেন, উদ্ধার তৎপরতা ও দুর্ঘটনা মোকাবিলার দায়িত্বে রয়েছে পৌর কর্তৃপক্ষ। তবে দুর্গম এলাকার কারণে যোগাযোগে বেশ সমস্যার মুখে পড়তে হচ্ছে।
সান্তা বারবারা দে ইসকুয়ান্দে ঘন বৃষ্টিবনবেষ্টিত একটি প্রত্যন্ত অঞ্চল। সেখানে যাতায়াতের জন্য নৌকা কিংবা ছোট উড়োজাহাজের ওপর নির্ভর করতে হয়। ফলে দুর্ঘটনাস্থলে পৌঁছানো এবং উদ্ধার তৎপরতা পরিচালনা করা বেশ কঠিন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গভর্নর এসকোবার খনিটিকে ‘অনানুষ্ঠানিক’ বলে উল্লেখ করেছেন।
কলম্বিয়ার গ্রামীণ অঞ্চলে অনানুষ্ঠানিক ও অনিয়ন্ত্রিত খননকাজের প্রচলন রয়েছে। এসব খনিতে প্রায়ই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাব দেখা যায়। ফলে সেখানে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে গভর্নর এসকোবার লিখেছেন, ‘এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার হলো মানুষের জীবন বাঁচানো, পরিবারগুলোর পাশে থাকা এবং এই মর্মান্তিক ঘটনায় দ্রুত ও কার্যকর সহায়তা নিশ্চিত করা।’
এর আগে গত আগস্টে নারিনো বিভাগের পলিকারপা পৌরসভায় একই ধরনের এক খনিদুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছিল।