জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। একই সঙ্গে তাকে আগামী দুই বছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও মনোনয়ন দেওয়া হয়েছে।
আজ শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ‘তথ্য অধিকার আইন, ২০০৯’-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অধ্যাপক ড. নাহরিন ইসলামকে তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার পদে নিয়োগ দিয়েছেন। তার পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকার নির্ধারণ করবে। এ নিয়োগের আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অপরদিকে, একই দিন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. নাহরিন ইসলামকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়ার কথা জানানো হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩’ অনুযায়ী তাকে আগামী দুই বছরের জন্য এ পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব প্রসঙ্গে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান বলেন, ‘রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, তা সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে পালনের চেষ্টা করব। তথ্য অধিকার আইন বাস্তবায়নের মাধ্যমে জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা এবং শিক্ষা ও গবেষণার সার্বিক মানোন্নয়নে জাবি সিন্ডিকেটে ইতিবাচক ভূমিকা রাখাই হবে আমার প্রধান লক্ষ্য। এ ক্ষেত্রে আমি সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।’
