আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে ধারাবাহিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম। দীর্ঘ ক্যারিয়ারে ব্যাটিং নৈপুণ্য ও ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে বর্তমান ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছেন তিনি।
তিন ফরম্যাট মিলিয়ে সকল ধরণের আন্তর্জাতিক ম্যাচে মুশফিকের মোট রান এখন ১৬২৫২। বাংলাদেশ জাতীয় দলের হয়ে এটিই সর্বোচ্চ রান। তারপর রানের হিসেবে সর্বোচ্চ সংগ্রাহক তামিম ইকবাল, তার রান ১৫২৪৯।
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার মুশফিক ২০০৫ সালে টেস্ট ক্রিকেটের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করেন। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন সংস্করণেই দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। দীর্ঘ দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ব্যাট হাতে অসংখ্য গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন পঞ্চপান্ডবের এই উল্লেখযোগ্য ব্যাটার।
টেস্ট ক্রিকেটে মুশফিকের পারফরম্যান্স বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলাদেশের হয়ে এই সংস্করণে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। পাশাপাশি ওয়ানডেতেও রয়েছে তার সমৃদ্ধ রেকর্ড। তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজারের বেশি রান করার মাইলফলক ছুঁলেন তিনি।
ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটের পেছনেও দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মুশফিক। চাপের মুহূর্তে দায়িত্বশীল ব্যাটিং, দীর্ঘ সময় উইকেটে টিকে থাকার দক্ষতা এবং অভিজ্ঞতা তাকে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমান খেলোয়াড়দের মধ্যে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার এই অর্জন মুশফিকের দীর্ঘদিনের পরিশ্রম ও ধারাবাহিকতারই প্রতিফলন।
এই পরিসংখ্যানে মুশফিকের ওপর থাকা বাকি চার ক্রিকেটার হলেন-
- বিরাট কোহলি (ভারত) - ২৮৫২৭ রান
- জো রুট (ইংল্যান্ড) - ২৩০৭৪ রান
- রোহিত শর্মা (ভারত) - ২০৬৫২ রান
- স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া) - ১৭৮৬৬ রান