মাঠজুড়ে এনে রাখা হয়েছে বাঁশের খুঁটি। শ্রমিকেরা ব্যস্ত স্টলের অবকাঠামো নির্মাণে। এভাবেই পটিয়ার মনসা বাদামতল এলাকায় চলছে মাসব্যাপী মেলার প্রস্তুতি। অথচ মেলা আয়োজনের চূড়ান্ত অনুমোদন এখনো দেয়নি প্রশাসন। এর মধ্যেই স্থানীয় সংসদ সদস্য উদ্বোধন করবেন বলে প্রচার করে প্রস্তুতি এগিয়ে নিচ্ছেন আয়োজক।
চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের পাশে পটিয়ার মনসা বাদামতল এলাকায় জঙ্গলখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অসিত বড়ুয়ার মালিকানাধীন মাঠে এ মেলার আয়োজন করা হচ্ছে। তাঁতবস্ত্র, কুটিরশিল্প ও আনন্দমেলার নামে মাসব্যাপী এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজক হাজী নুরুল হক বলেন, ‘মেলার অনুমতি চেয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি। মাঠের মালিকের প্রতিনিধির সঙ্গে চুক্তিও হয়েছে। সবকিছু ঠিক থাকলে শুক্রবার স্থানীয় সংসদ সদস্য এনামুল হক এনাম মেলার উদ্বোধন করবেন বলে আশা করছি।’
তবে মেলার উদ্বোধনে সংসদ সদস্যের সম্মতির বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম সিকদার বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মাঠে মাসব্যাপী মেলার আয়োজনের বিষয়ে বিএনপির কয়েকজন ব্যক্তি সংসদ সদস্যের কাছে গিয়েছিলেন। তবে সংসদ সদস্য তাঁদের সেখানে মেলা বসানো যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
সেলিম সিকদার বলেন, সংসদ সদস্যের নিষেধের পরও কার প্রভাবে মেলার স্থাপনা নির্মাণের কাজ চলছে, তা তাঁর জানা নেই। তিনি অবিলম্বে মেলার প্রস্তুতি বন্ধের দাবি জানান।
চূড়ান্ত অনুমোদন ছাড়া মেলার আয়োজন করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান বলেন, বাদামতল এলাকায় মেলা আয়োজনের একটি আবেদন জেলা প্রশাসকের কার্যালয় থেকে তদন্তের জন্য উপজেলা প্রশাসনে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন। এখনো কোনো চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি।
তিনি বলেন, ‘স্থানীয়ভাবে মেলা নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। তাছাড়া বর্তমান বিদ্যুৎ সংকট এবং সামনে দুর্গাপূজা রয়েছে, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ। অনুমতি না পাওয়ার পরও যদি কেউ অবৈধভাবে মেলার কার্যক্রম চালায়, তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
The post এমপির নামে উদ্বোধনের প্রচার, চলছে অনুমোদনহীন মেলার প্রস্তুতি appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
