মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব দিয়েছে দুই মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) প্রস্তাবটি দুই দেশের কাছেই পৌঁছে দেওয়া হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউ আরব।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা নতুন প্রস্তাবকে ‘মিডেল গ্রাউন্ড প্রোপজাল’ হিসেবে অভিহিত করেছেন। এতে যুক্তরাষ্ট্র ও ইরানের দাবি-দাওয়ার আংশিক পূরণ হয়েছে।
যুক্তরাষ্ট্রের দাবি হলো ইরানকে তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করতে হবে। অপরদিকে ইরানের দাবি হলো তাদের যেসব অর্থ জব্দ করে রাখা হয়েছে সেগুলো ছাড়তে হবে। নতুন প্রস্তাবে যে প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে দুই দেশের দাবির পুরোটা পূরণ না হলেও আংশিক পূরণ হয়েছে।
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির আজ ইরানের রাজধানী তেহরানে গিয়ে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি ইরানের কাছে প্রস্তাবটি পৌঁছে দেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র দ্য নিউ আরবকে জানিয়েছেন।
আরও পড়ুন
গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশ ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। চুক্তি অনুযায়ী ওই সময় কথা ছিল, তারা পূর্নাঙ্গ চুক্তির জন্য এ ৬০ দিনে আলোচনা করবে। কিন্তু তার আগেই চুক্তিটি ভেস্তে যায়।
দ্য নিউ আরব জানিয়েছে, নতুন প্রস্তাবে বলা হয়েছে, ইরান গোপন ও কোনো ঘোষণা ছাড়া তাদের পারমাণবিক কার্যক্রম আন্তর্জাতিক আণবিক সংস্থার প্রতিনিধিদের পর্যবেক্ষণ করতে দেবে। অপরদিকে কাতারে যুক্তরাষ্ট্রের যে ৬ বিলিয়ন ডলার জব্দ করে রাখা হয়েছে, ইরানকে সেটির সুদের অর্থ দেওয়া হবে।
ইরান ও যুক্তরাষ্ট্র এখনো নতুন প্রস্তাব নিয়ে কোনো মন্তব্য করেনি। সাম্প্রতিক সময়ে ইরান হরমুজে জ্বালানিবাহী ট্যাংকার ও জাহাজে হামলা বাড়িয়ে দিয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর ইঙ্গিত দিয়ে আসছেন। এরমধ্যেই মধ্যস্থকারীরা নতুন করে যুদ্ধ শুরু ঠেকাতে দৌড়ঝাঁপ শুরু করেছেন।
সূত্র: দ্য নিউ আরব
এমটিআই
