কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব কমিটির সভাপতি করা হবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এবং সদস্যসচিব থাকবেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য জানান।
সারা দেশে কিশোর গ্যাংয়ের তৎপরতা, অপরাধে কিশোরদের জড়িয়ে পড়া এবং জননিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে এ সিদ্ধান্ত এল। সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব গোষ্ঠীর সদস্যদের পাশাপাশি তাদের পেছনে থাকা পৃষ্ঠপোষকদের শনাক্ত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশের উপজেলা আইনশৃঙ্খলা কমিটিগুলোর কার্যপরিধি বাড়িয়ে কিশোর গ্যাং, হত্যা, ছিনতাই, অপহরণ, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কমিটির সভাপতি করা হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় নিয়মিত সভা করার কথা বলা হয়।
নতুন সিদ্ধান্তের বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো তথ্য অনুযায়ী, দেশের সব উপজেলায় ইউএনও ও থানার ওসির নেতৃত্বে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।