সপ্তাহের শুরুতেই সোমবার রিয়েলিটি শো ‘আদর বাড়ি’ বিগ বস হাউজকে বিদায় জানালেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ঝিলম গুপ্ত। হাসিখুশি ও বিনোদনে ভরপুর এই তারকার হঠাৎ এমন বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাঁর অনুরাগীরা। একইসঙ্গে সকলের মনে দানা বেঁধেছে প্রিয় প্রতিযোগীর স্বাস্থ্য নিয়ে তীব্র উদ্বেগ। পিত্তথলির পাথর বড় হয়ে যাওয়ার কারণে চিকিৎসকদের কঠোর পরামর্শ অনুযায়ী নির্মাতারা মাঝপথেই তাঁকে শো থেকে সরিয়ে নেওয়ার কঠিন সিদ্ধান্ত নেন।
মেয়ের এই আকস্মিক বিদায় এবং শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন নানা গুঞ্জন চলছে, তখন মেয়ের বাবা নিজেই এক চিকিৎসকের কমেন্টের জবাবে সত্য প্রকাশ করেন। তিনি জানান, পিত্তথলির পাথর আকারে বড় হয়ে যাওয়ায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়েছে এবং দ্রুত অস্ত্রোপচার করতে হবে। সোশ্যাল মিডিয়ায় এক শ্রেণির নেটিজেনদের ট্রোল ও কটাক্ষের মুখে পড়ে অত্যন্ত মার্জিত অথচ কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করে তিনি আক্ষেপের সুরে লেখেন, অনেকে এতে আনন্দ পেলেও তিনি সকলের সুস্থতা কামনা করেন।
হঠাৎ বিগ বসের নির্দেশে ভেঙে পড়ে পুরো হাউস। তবে বিদায়লগ্নে বিগ বসের গম্ভীর কণ্ঠস্বরে ঝরে পড়েছিল অগাধ স্নেহের সুর। ঝিলমের উদ্দেশে অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে বলা হয়, তিনি যেন ঘর থেকে নিজের প্রতি নতুন বিশ্বাস এবং অসংখ্য মানুষের ভালোবাসা নিয়ে ফিরে যান এবং দ্রুত সুস্থ হয়ে ওঠেন। ঘর ছাড়ার আগে সহ-প্রতিযোগীদের কাছ থেকে একটু বাড়তি সময় চেয়ে সবার সঙ্গে পরম মমতায় জড়িয়ে ধরেন ঝিলম। ততক্ষণে জীতু কমল, নিরঞ্জন, মনামী ও ভরত কলসহ বাকি প্রতিযোগীদের চোখ বেয়ে গড়িয়ে পড়ে অঝোর ধারা।
এই থমথমে ও বিষাদময় পরিবেশেই তৈরি হয় এক অভাবনীয় স্বর্গীয় মুহূর্ত। সহ-প্রতিযোগীদের সঙ্গে মেঝতে বসে চোখের জল সামলে ঝিলম গেয়ে ওঠেন মা দুর্গার আগমনী গান। চোখে জল আর গলার সুর ভিজিয়ে বাকি প্রতিযোগীরাও একসঙ্গে গেয়ে তাঁকে বিদায় জানান। শারীরিক কারণে ঝিলমের এই অপ্রত্যাশিত প্রস্থান শুধু বিগ বস হাউসের সমীকরণকেই বদলে দিল না, বরং লাখ লাখ অনুরাগীর হৃদয়ও ভেঙে চুরমার করে দিল।
