প্রকাশিত: ১৫:১৬, ১৭ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আটক জেলেদের কয়েকজন
লক্ষ্মীপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকার করায় ৩৪ জন জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রায় ২ মণ ইলিশ ও ১ লাখ ২০ হাজার মিটার জাল জব্দ হয়। পরে আটক জেলেদের ৭৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১২ টার দিকে জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক জেলেদের অর্থদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে ইলিশ শিকারে যায়। দিনব্যাপী নদীতে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে ৩৪ জেলেকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে প্রায় ২ মণ ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত ইলিশ স্থানীয় চারটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। পাশাপাশি জব্দ করা ১ লাখ ২০ হাজার মিটার জাল আগুনে পুড়ে বিনষ্ট করা হয়েছে। এছাড়া আটক ৩৪ জেলেকে চারটি মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, মেঘনা নদীর সদর উপজেলার বিভিন্ন এলাকায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে ৩৪ জনকে আটক করে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অর্থদণ্ড দেওয়া হয়। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।
