আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও মাদকের ভয়াবহতা প্রতিরোধে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথভাবে পরিচালনায় ব্যর্থতা, দায়িত্বে অবহেলা ও গাফিলতির কারণে দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি ও হত্যাকাণ্ড আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। মাদকের ভয়াবহ বিস্তারও সমাজ ও তরুণ প্রজন্মের জন্য উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে।
শনিবার (২৪ অক্টোবর) বেলা ২ টায় বাংলাদেশ যুব মিশনের উদ্যোগে কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
যুব মিশন কেন্দ্রীয় আহ্বায়ক সালমান খান বাদশার সভাপতিত্বে রাজধানীর ২৭/৮এ তোপখানা রোডে বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য জহিরুল ইসলাম সোহাগ, মহানগর যুগ্ম আহবায়ক এনামুল ইসলাম সজীব, সাংগঠন সচিব মোঃ সাদ্দাম হোসেন, মহানগর সদস্য মোঃ আদেল উদ্দীন ও মোঃ পাভেল মাহমুদ প্রমুখ।
ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেন, দেশের সাধারণ মানুষ আজ চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলের দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষ চুরির ভয়ে রাতে ঘরে নিশ্চিন্তে ঘুমাতে পারছেন না। অনেক ক্ষেত্রে নিজেদের গরু-বাছুর ও হাঁস-মুরগি চুরি হওয়া থেকে রক্ষা করতে রাতভর গবাদিপশু ও হাঁস-মুরগির কাছেই অবস্থান করছেন। একটি স্বাধীন দেশের নাগরিকদের জন্য এমন পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক।
তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান সাংবিধানিক ও রাষ্ট্রীয় দায়িত্ব। অথচ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের ঘাটতি জনমনে ক্ষোভ ও হতাশা বাড়াচ্ছে। অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব, জবাবদিহি ও কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
সভাপতির বক্তব্যে সালমান খান বাদশা বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, মাদক নির্মূল এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকারের প্রতি জনগণের আস্থা আরও কমে যাবে। পরিস্থিতির দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই; ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
সভায় বাংলাদেশ যুব মিশনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, কেন্দ্রীয় ও মহানগর কমিটির মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং যুবসমাজকে সামাজিক অপরাধ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার বিষয়ে আলোচনা হয়। প্রেস বিজ্ঞপ্তি
