দুর্গাপূজায় শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার (১৬ অক্টোবর) দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও শিব মন্দির ও দুর্গা মন্দিরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত উপহার ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে নানা ধরনের রটনা, গুজব ও আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা চলছে। এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক সহযোগিতায় পাশে থাকবেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, পূজা সুষ্ঠুভাবে উদযাপনের জন্য সরকার ও প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন এবং অনুদান বরাদ্দ করেছেন। সারা দেশের পূজামণ্ডপগুলোর জন্য বরাদ্দ করা অর্থের পাশাপাশি স্থানীয় পর্যায়েও বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে। এ সময় তিনি নিজের তহবিল থেকেও মন্দিরগুলোতে আর্থিক অনুদান দেন।
অনুষ্ঠানে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
