ঢাকার ধামরাইয়ে তিন পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটকের পর পরিবারের কাছে ঘুষ দাবির তথ্য আসায় ধামরাই থানার এক সহকারী উপপরিদর্শক আল মামুনকে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) তার প্রত্যাহারের তথ্যটি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান।
তিনি বলেন, ওই কর্মকর্তাকে রাজারবাগ পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে।
তবে কী অভিযোগে বদলি করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
সম্প্রতি ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের দ্বিতীয় মহিষাসী এলাকায় মো. হান্নান মৃধা নামে এক ব্যক্তিকে তিন পিস ইয়াবাসহ আটক করেন ধামরাই থানার এএসআই আল মামুন।
হান্নান মৃধার পরিবারের দাবি, আটকের পর তাকে ২০০ পিস ইয়াবাসহ আটক দেখিয়ে মামলায় ফাঁসানোর হুমকি দেন এএসআই। তাকে ছেড়ে দিতে স্ত্রীর কাছে ৭০ হাজার টাকা দাবি করেন। একপর্যায়ে ১৫ হাজার টাকা দেন ওই এএসআইকে। তবে তিনি আরও ১৫ হাজার টাকা দাবি করেন। বিষয়টি নিয়ে সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়। এরই জেরে সোমবার (১৯ অক্টোবর) এএসআই আল মামুনকে প্রত্যাহার করা হয়।
ওসি মো. নাজমুল হুদা খান জানান, তিনি এ বিষয়ে কোনো লিখিত আদেশ পাননি। মৌখিক নির্দেশনার ভিত্তিতে ওই পুলিশ সদস্যকে পুলিশ লাইন্সে পাঠিয়ে দিয়েছেন। তাকে ক্লোজড করা হয়েছে, নাকি সাময়িক বরখাস্ত করা হয়েছে, তা আদেশ পেলে বুঝতে পারবেন। অভিযোগের বিষয়টিও তাকে স্পষ্ট করে জানানো হয়নি। আদেশে এ বিষয়ে বিস্তারিত লেখা থাকবে বলে জানান তিনি।
