আগামী চার মাসের মধ্যে চট্টগ্রামের সাতকানিয়া মডেল হাই স্কুল মাঠকে মিনি স্টেডিয়ামে রূপান্তরের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ইয়ুথ স্পোর্টস একাডেমির আয়োজনে মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে যুব ম্যারাথন প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি শাহজাহান চৌধুরী বলেন, শিশু-কিশোর ও যুবসমাজকে মাদক, কিশোর গ্যাং কালচার এবং ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের যুব ম্যারাথন তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে এবং মাদকমুক্ত, সুস্থ সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, নেতিবাচক পথ পরিহার করে খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে রক্ষা করতে হবে। একটি সমৃদ্ধ, সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি এলাকার ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন ও খেলাধুলার প্রসারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
এর আগে সকালে সাতকানিয়া মডেল হাই স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য যুব ম্যারাথন শুরু হয়। প্রতিযোগীরা এলাকার তিন কিলোমিটার পথ প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে ম্যারাথন শেষ করেন। এতে স্থানীয় তরুণ ও যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
অধ্যক্ষ হামিদ উদ্দিন আযাদের সভাপতিত্বে এবং জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ স্পোর্টস একাডেমির উপদেষ্টা শাহ আলম, প্যাভিলিয়াস প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আরমান মহসিন, যুবনেতা আরিফুল হক কাইসার এবং যুবনেতা শাহরিয়ার আহমেদ ইমনসহ একাডেমির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে ম্যারাথন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
The post চার মাসের মধ্যে সাতকানিয়ায় মিনি স্টেডিয়াম: এমপি শাহজাহান চৌধুরী appeared first on ভোরের চেতনা.
