মাগুরার মহম্মদপুর উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটাকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৭ অক্টোবর) পরিচালিত এ অভিযানে মেসার্স সীমান্ত ব্রিকস, মেসার্স নদী ব্রিকস ও মেসার্স নাবা ব্রিকসকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর সংশোধিত বিধান অনুযায়ী ৪, ৫ ও ৬ ধারার বিধান লঙ্ঘনের অপরাধে আইনের ১৪, ১৫ ও ১৬ ধারায় এই অর্থদণ্ড দেওয়া হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, মাগুরার সহকারী পরিচালক কমল কুমার বর্মণ। অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও পরিবেশ অধিদপ্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ইটভাটা স্থাপন ও পরিচালনায় প্রচলিত আইন উপেক্ষা করা হলে পরিবেশ, কৃষিজমি ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয়। তাই কেবল জরিমানা আদায় করেই ক্ষান্ত না থেকে আইন মেনে ইটভাটা পরিচালনা নিশ্চিত করতে নিয়মিত তদারকি প্রয়োজন।
পরিবেশ রক্ষা ও জনস্বার্থ নিশ্চিতে মহম্মদপুরসহ মাগুরার অন্যান্য এলাকার ইটভাটাগুলোর বৈধতা নিয়মিত যাচাই করার জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।
জেএইচআর
