ডেস্ক রিপোর্ট: দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, মর্যাদা, স্বাধীনতা ও সমান অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানী।
১৭ অক্টোবর শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উপলক্ষে দৃস্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সাদা ছড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় ১০৭ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে সাদা ছড়ি বিতরণ করা হয়।
পানিসম্পদ মন্ত্রী বলেন, সাদা ছড়ি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনভাবে চলাচলের একটি গুরুত্বপূর্ণ সহায়ক উপকরণ। এটি তাঁদের আত্মবিশ্বাস, স্বনির্ভরতা ও নিরাপদ চলাচলের প্রতীক। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহমর্মিতা প্রদর্শনের পাশাপাশি তাঁদের অধিকার ও সক্ষমতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া সবার দায়িত্ব।
আরও পড়ুন: ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
এ্যানি চৌধুরী আরও বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গড়ে তুলতে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং সামাজিক কর্মকাণ্ডে সমান অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। তাঁদের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত, সড়ক, গণপরিবহণ ও সরকারি স্থাপনাসহ জনসাধারণের ব্যবহার্য স্থান প্রতিবন্ধীবান্ধব করা জরুরি।
মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজের সর্বস্তরে তাঁদের অংশগ্রহণ বৃদ্ধিতে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও সর্বসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য(প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আল মোজাদ্দেদী আলফেছানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, নৌপরিবহণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আতিকুল ইসলাম, অ্যাডভোকেট মো. আবদুল মতিন প্রমুখ।
এটিভি/ এইচকে
