আজমিরীগঞ্জে এক সিএনজিচালককে মারধর ও ধারালো ছুরি দিয়ে আঘাত করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার ১নং সদর ইউনিয়নের গুচ্ছগ্রামসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। আহত চালক সুজন মিয়া আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ভুক্তভোগী সুজন মিয়া হবিগঞ্জ সদর উপজেলার মৃত মো. আতর আলী মিয়ার ছেলে। তাঁর অভিযোগ, যাত্রী পরিবহনের সময় দুই ব্যক্তি তাঁকে মারধর করে ছুরিকাঘাত করেন এবং তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান।
সুজন মিয়া জানান, শায়েস্তাগঞ্জ থেকে তিনজন যাত্রী ৮০০ টাকা ভাড়ায় তাঁকে আজমিরীগঞ্জে নিয়ে আসেন। পথে বিরাট গ্রামসংলগ্ন এলাকায় পৌঁছালে ওই যাত্রীদের পরিচিত আরও দুজন তাঁর সিএনজিতে ওঠেন। কিছুদূর যাওয়ার পর শায়েস্তাগঞ্জ থেকে আসা তিন যাত্রী নেমে যান। এরপর বাকি দুজনকে নিয়ে তিনি সামনে এগিয়ে যান।
তিনি বলেন, কিছুদূর যাওয়ার পর ওই দুজন তাঁকে কোমল পানীয় ‘স্পিড’ খেতে দেন। তিনি তা পান করতে রাজি না হলে তাঁকে মারধর শুরু করেন। এ সময় সিএনজির চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
একপর্যায়ে তাঁকে সড়কে ফেলে মারধর করা হয় এবং ধারালো ছুরি দিয়ে তাঁর হাতে আঘাত করা হয়। পরে তাঁর মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যান।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, তিনি এ ঘটনা সম্পর্কে অবগত নন।
ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় ও ছিনিয়ে নেওয়া নগদ টাকার পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
