হবিগঞ্জের চুনারুঘাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে সুমন মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে উপজেলার নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে চুনারুঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ১০ নম্বর মিরাশী ইউনিয়নের হরিনমারা গ্রামের কাঞ্চন মিয়ার মেয়ে কোহিনুর আক্তারের সঙ্গে একই এলাকার আবদুস ছামাদ মিয়ার ছেলে সুমন মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সুমন ও তাঁর পরিবারের সদস্যরা কোহিনুরের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
কোহিনুর জানান- ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি বসতঘরে যৌতুকের টাকা নিয়ে সুমন, তাঁর ভাই সুজন মিয়া (৩০) ও বাবা আবদুস ছামাদ মিয়া (৫০) কোহিনুরকে শারীরিক নির্যাতন করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চিকিৎসা শেষে স্থানীয়ভাবে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করা হয়। তবে যৌতুকের টাকা ছাড়া আসামিরা সংসার করতে অস্বীকৃতি জানান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় কোহিনুর আক্তার বাদী হয়ে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ সুমনসহ তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ১১(গ)/৩০ ধারায় মামলা করেন। মামলায় সুমনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
