আমেরিকান ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকির সঙ্গে দুই দশকের সম্পর্কের অবসান ঘটান কিলিয়ান এমবাপে। ফরাসি তারকার সেই ফেলে যাওয়া রাজত্বের এবার রাজা হলেন মাইকেল ওলিসে।
বায়ার্ন মিউনিখ তারকার সঙ্গে একটি স্পন্সরশিপ চুক্তি করেছে নাইকি। আমেরিকান প্রতিষ্ঠানটির ফুটবল বুট লাইনে শীর্ষস্থানীয় মুখ হতে চলেছেন তিনি।
ফুটি হেডলাইন ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে এএস সংবাদপত্র জানিয়েছে, নাইকির সঙ্গে মাল্টি-মিলিয়ন ইউরোর চুক্তি করেছেন ফরাসি উইঙ্গার। রিয়াল মাদ্রিদ তারকা ও তার স্বদেশী এমবাপের শূন্যস্থান পূরণে তাকে বেছে নিয়েছে নাইকি। সম্প্রতি বিশ্বকাপ জয়ী এমবাপে নাইকি ছেড়ে সুইস ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অন-এর সঙ্গে চুক্তি করেছেন।
ফুটবল বুটের সঙ্গে ওলিসের স্বতন্ত্র সম্পর্ক ভিন্ন ধাঁচের। স্বাধীনভাবে বুট পরতে চান বলে এখন পর্যন্ত বড় বড় ব্র্যান্ডগুলোর সঙ্গে চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। তিনি নাইকি হাইপারভেনম ফ্যান্টম ৩ মডেল পরতে পছন্দ করেন, যেটির উৎপাদন বন্ধ হয়ে গেছে ২০১৯ সালে। বিশ্বের আনাচে কানাচে থেকে এটি অনলাইনে কেনেন তিনি।
ওলিসে কোনো কোনো সময় ট্রেনিং ও ম্যাচে এই বুট পরার আগে তাতে নিজের মতো নকশা করে নিতে শিল্পীদের নিয়োগ দেন।
জানা গেছে, নাইকি তাদের এই বাণিজ্যিক চুক্তি অনুযায়ী ২০২৭ সাল থেকে ফের হাইপারভেনম উৎপাদন শুরু করবে, যার প্রচারণায় যোগ দেবেন ওলিসে। একই সঙ্গে ফ্যান্টম রেঞ্জের উৎপাদন তারা বন্ধ করে দেবে।
২৪ বছর বয়সী অ্যাটাকার চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন। বায়ার্নের হয়ে সাত ম্যাচ খেলে ৬ গোল করেছেন। ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক বিরতিতে চার ম্যাচ খেলে গোল করেছেন চারটি।
এফএইচএম
