শিক্ষার্থী ও তরুণদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, মনোযোগ, ধৈর্য ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে অনুষ্ঠিত হয়েছে ‘Boalkhali Chess Championship 2026’। উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতায় প্রায় ৪০০ দাবাড়ু অংশ নেন।
শনিবার (২৪ অক্টোবর) বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ এরশাদ উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য শওকত আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম এবং বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের ও মো. জামাল উদ্দিন। প্রতিযোগিতা পরিচালনা করেন প্রকৌশলী এস এম তারেক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দাবা শুধু একটি খেলা নয়; এটি বুদ্ধিবৃত্তিক বিকাশ, বিশ্লেষণী চিন্তা ও শৃঙ্খলাবোধ চর্চার অন্যতম মাধ্যম। দাবা খেলার মাধ্যমে শিক্ষার্থীরা ধৈর্য ধারণ, প্রতিপক্ষের চাল বিশ্লেষণ এবং ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা অর্জন করতে পারে।
তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং তরুণ প্রজন্মকে গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিযোগিতায় প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্থানীয় পর্যায়ে দাবার প্রতি আগ্রহ ও সম্ভাবনার ইতিবাচক দৃষ্টান্ত তুলে ধরেছে।
The post বোয়ালখালীতে ৪০০ দাবাড়ুর লড়াই, শেষ হলো চ্যাম্পিয়নশিপ appeared first on বাংলাধারা.
