জরুরি রক্ষণাবেক্ষণ ও সঞ্চালন লাইনের আশপাশের গাছপালা কাটার কাজের জন্য কুড়িগ্রামের উলিপুরে মঙ্গলবার (১৩ অক্টোবর) টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উলিপুর ৩৩ কেভি বিদ্যুৎ লাইনে সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে।
সোমবার (১২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম, ওঅ্যান্ডএম) এবং ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) চিরেন্দ্র নাথ রায়।
উলিপুর জোনাল অফিস সূত্রে জানা যায়, ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি সংস্কার এবং লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে আশপাশের গাছের ডালপালা ও গাছপালা কর্তন করা হবে। এ কাজের অংশ হিসেবে নির্ধারিত সময়ে উলিপুর জোনাল অফিসের আওতাভুক্ত সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত ডিজিএম চিরেন্দ্র নাথ রায় জানান, রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্ন ও দ্রুত সম্পন্ন করার স্বার্থেই সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ শেষ হওয়া মাত্রই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
