জন্মদিন মানে পরীমণির কাছে বিশেষ এক অনুভূতি। তবে এবার সেই আনন্দ যেন একটু বেশিই। কাছের মানুষদের ভালোবাসা, শিউলি ফুলে সাজানো আয়োজন আর নতুন কাজের খবর—সব মিলিয়ে জন্মদিনের মুহূর্তগুলো উপভোগ করেছেন ঢালিউডের এই চিত্রনায়িকা। আনন্দের মুহূর্ত দিয়েছেন নতুন সিনেমার ঘোষণা।
শনিবার রাতে ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পরীমণি বলেন, ‘মুহূর্তটা আমি একা একা খুশি ধরে রাখতে পারি না। আমার মনে হয়, চিৎকার করে পুরো পৃথিবীকে জানাই—আমি অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি। এই যেমন আজকে আমি অনেক খুশি।’
বয়স বাড়ার সঙ্গে জীবনের অভিজ্ঞতাও বাড়ছে বলে মনে করেন এই অভিনেত্রী। তার কাছে বয়সের সংখ্যা নয়, বরং জীবনে অর্জিত অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ। জন্মদিনের আনন্দের মধ্যেও সেই অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেন তিনি।
জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা
জন্মদিনের আয়োজনের পাশাপাশি নতুন সিনেমা ‘ফারজানা’-এর পোস্টার উন্মোচন করা হয়। এটি নির্মাণ করছেন পরিচালক তারেক রহমান। সিনেমাটি নিয়ে অভিনেত্রী জানান, এটি অনেক আগে থেকেই পরিকল্পনায় ছিল। প্রায় ছয় মাস আগে কাজটির লুক নির্ধারণ করা হয়েছিল। পরে বিস্তারিত কাজ করতে গিয়ে নানা ধরনের সমস্যা সামনে আসে। বিশেষ করে শিডিউল জটিলতার কারণে শুটিং এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না।
পরীমণি বলেন, ‘এটা প্রায় ছয় মাস আগে লুক সেট করেছিলাম। তারপরে ডিটেলসে আমরা যখন কাজে যাচ্ছিলাম, নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছিল। শিডিউল, শিডিউল—সবকিছু মিলে শুটিংয়ে ওভাবে যাওয়া হচ্ছিল না।’
এত দিন কাজটি নিয়ে প্রকাশ্যে কথা না বললেও এবার জন্মদিনের আয়োজনের মধ্য দিয়ে বিষয়টি জানানোর উপযুক্ত সময় মনে হয়েছে তার। পরীমণির ভাষ্য, ‘এবার মনে হয়, এটাই অনেক সুন্দর একটা সময়, যেখানে আমি একটা সুন্দর কাজ নিয়েও কথা বলতে পারি।’
কাজটির শুটিং প্রায় শেষ হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বাকি অংশ শেষ করে সম্প্রতি দর্শকের সামনে আনার পরিকল্পনা রয়েছে।
কেক কাটলেন না পরীমণি
জন্মদিনের আয়োজন এবার কেক কাটলেন না পরীমণি। এর পেছনে রয়েছে তাঁর প্রয়াত নানার স্মৃতি। একসময় যার হাত ধরে কেক কাটতেন, সেই মানুষটি এখন আর তাঁর পাশে নেই। তাই তাকে ছাড়া কেক কাটার বিষয়টি পরীমণির কাছে আনন্দের নয়।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি যে মানুষটার হাত ধরে কেক কাটতাম, সে মানুষটা ছাড়া আমি তো আসলে কেক কাটা ভুলে গেছি।’
শিউলি ফুলে সাজানোর স্বপ্ন
জন্মদিনের সাজসজ্জায় শিউলি ফুলের প্রতি নিজের ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন পরীমণি। আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকগুলো শিউলি ফুল পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। সেই ইচ্ছার কথা শুনে চট্টগ্রাম থেকে একজন তাঁর জন্য বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছেন।
পরীমণি বলেন, ‘শিউলি ফুলটা এমন যে চার-পাঁচ ঘণ্টাও ঠিকমতো রাখা যায় না। একজন আমাকে চট্টগ্রাম থেকে ফুল পাঠিয়েছে, ফ্লাইটে। তো সেই ফুলটা আমি আসলে পুরোটা ইউজ করতে পারিনি, যদিও কিছু কিছু ইউজ করেছি।’
ভালোবাসার জন্য কৃতজ্ঞ
জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পরীমণি। শুরু থেকেই যারা তাঁর পাশে থেকেছেন, তাঁকে ভালোবেসেছেন ও আশীর্বাদ করেছেন, তাঁদের কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি।
পরীমণি বলেন, ‘আমি সবার প্রতি কৃতজ্ঞ। কারণ শুরু থেকে সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, সঙ্গে থেকেছেন, পাশে থেকেছেন, আশীর্বাদ করেছেন—সবকিছুতে সবকিছু ছাপিয়ে আমাকে ভালোবাসা জানিয়েছেন। সেই ভালোবাসার প্রতি আমি সারাজীবন কৃতজ্ঞ রইলাম।’
ভক্তদের ভালোবাসার প্রতিদান হিসেবে সুন্দর সুন্দর কাজ উপহার দিতে চান এই অভিনেত্রী। তাঁর কথায়, ‘সেই ভালোবাসার কৃতজ্ঞতা স্বরূপ আমি আসলে আপনাদের সুন্দর সুন্দর কাজ ছাড়া আর কিছুই দিতে পারব না। তো দোয়া করবেন, যাতে আমি আরও সুন্দর সুন্দর কাজে আপনাদের যেতে পারি।’
