কালবেলা · আন্তর্জাতিক
ট্রাম্পের সংবাদ কভারেজ বয়কটের জেরে ৫ টিভি নেটওয়ার্কের বিরুদ্ধে তদন্ত
১১/১০/২০২৬

হোয়াইট হাউসের সংবাদ সংগ্রহে বয়কটের সিদ্ধান্তের কারণে ৫টি টেলিভিশন নেটওয়ার্কের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। ফেডারেল অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে শনিবার (১১ অক্টোবর) জানিয়েছে বিভাগটি।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তদন্তের আওতায় রয়েছে এবিসি, সিবিএস, সিএনএন, এনবিসি ও ফক্স নিউজ। বিচার বিভাগের এক মুখপাত্র বলেন, বাণিজ্যিক প্রতিযোগীদের মধ্যে সম্মিলিত বয়কটের সিদ্ধান্ত শেরম্যান অ্যাক্ট লঙ্ঘন করতে পারে। এসব সংবাদমাধ্যম অ্যান্টিট্রাস্ট আইন ভঙ্গ করেছে কি না, তা নির্ধারণ করতেই তদন্ত চলছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও প্রধান সংবাদমাধ্যমগুলোর মধ্যে চলমান বিরোধের সর্বশেষ ঘটনা এটি। ট্রাম্প নিয়মিত মূলধারার সংবাদমাধ্যমকে ‘ভুয়া খবর’ বলে সমালোচনা করেন এবং সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন সময়ে বিরোধে জড়ান।
গত ১৯ সেপ্টেম্বর হোয়াইট হাউস সিএনএন, পলিটিকো ও এমএস নাউয়ের সাংবাদিকদের প্রবেশে বাধা দেয় এবং তাদের প্রেস ক্রেডেনশিয়াল বাতিল করে। হোয়াইট হাউসের বক্তব্য ছিল, প্রেসিডেন্টকে নিয়ে সংবাদ সংগ্রহ করা ‘অধিকার নয়, বরং সুযোগ’।
এর প্রতিবাদে সংবাদমাধ্যমগুলো প্রশাসনের বিরুদ্ধে মামলা করে। তাদের অভিযোগ, এ নিষেধাজ্ঞা মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীতে নিশ্চিত বাক্স্বাধীনতার অধিকার লঙ্ঘন করেছে এবং সংবাদ পরিবেশনের কারণে প্রতিশোধ নেওয়া হয়েছে।
সিএনএনসহ এবিসি, সিবিএস, ফক্স নিউজ ও এনবিসি হোয়াইট হাউসের টেলিভিশন সংবাদ সংগ্রহের মূল দল গঠন করে। তারা প্রেসিডেন্টের সংবাদ সংগ্রহের ব্যয় ভাগাভাগি করে এবং সংগৃহীত ফুটেজ অন্য সংবাদমাধ্যমের সঙ্গে বিনিময় করে।
ক্রেডেনশিয়াল বাতিলের প্রতিবাদে ৫টি নেটওয়ার্কই সংহতি জানিয়ে সংবাদ সংগ্রহ স্থগিত রাখে এবং বিকল্প কভারেজ দিতেও অস্বীকৃতি জানায়।
পরে ২৪ সেপ্টেম্বর মার্কিন জেলা বিচারক টিমোথি কেলি নিষেধাজ্ঞাটিকে সম্ভাব্য অসাংবিধানিক উল্লেখ করে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের নির্দেশ দেন। এরপর ক্রেডেনসিয়াল ফিরিয়ে দেওয়া হলেও নির্দিষ্ট অনুষ্ঠান ও সংবাদ সংগ্রহের দায়িত্ব বণ্টন নিয়ে বিরোধ অব্যাহত থাকে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তের বিষয়ে নেটওয়ার্কগুলো তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এর আগে নিউইয়র্ক টাইমস তদন্তের খবর প্রকাশ করে।
সূত্র: রয়টার্স
মূল প্রতিবেদনে যান ↗