পাড়ার সমস্যা জানাতে আর বিধায়কের দরজায় দরজায় ঘুরতে হবে না। অভিযোগ জানাতে ছুটতে হবে না দলীয় কার্যালয়েও। বাড়িতে বসেই স্মার্টফোনে এক ক্লিক, আর তাতেই সরাসরি বিধায়কের কাছে পৌঁছে যাবে আপনার বক্তব্য। স্রেফ ফোনে থাকতে হবে একটি অ্যাপ। নাম ‘দুর্গাপুর পূর্ব ডট ইন’।
পাড়ার রাস্তা, পানীয় জল, নিকাশি থেকে শুরু করে এলাকার নানা নাগরিক সমস্যা কিংবা ব্যক্তিগত অভিযোগ এমনকী কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রেও এবার হাতিয়ার হতে চলেছে একটি বিশেষ অ্যাপ। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বাসিন্দাদের জন্য এই নয়া উদ্যোগ নিলেন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। ‘দুর্গাপুর পূর্ব ডট ইন’ নামের অ্যাপের উদ্বোধন করেন তিনি। দুর্গাপুর পূর্বের মানুষের সঙ্গে আরও সহজে যোগাযোগ স্থাপন এবং তাঁদের অভাব-অভিযোগ শোনার লক্ষ্যেই এই অ্যাপের উদ্বোধন করেন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।
এলাকার মানুষের প্রতিদিনের নানা সমস্যার কথা জনপ্রতিনিধির কাছে পৌঁছে দেওয়া অনেক সময়ই কঠিন হয়ে দাঁড়ায়। কখনও সময়ের অভাব, কখনও বিধায়কের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ না পাওয়া একাধিক কারণে অনেক অভিযোগই থেকে যায় অগোচরে। সেই ব্যবধান ঘোচাতেই ডিজিটাল মাধ্যমকে কাজে লাগানোর পরিকল্পনা। বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের আশা, এই অ্যাপ দিশা দেখাবে রাজ্যে।
