নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট এলাকায় দুর্গাপূজামণ্ডপ ও সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় উপ-হাইকমিশনার শ্রী পবন কুমার বাধে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে তিনি পরিবারের সদস্যদের নিয়ে উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট পোদ্দারবাড়ি শ্রীশ্রী দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চমীঘাট পোদ্দারবাড়ি পূজামণ্ডপের প্রতিষ্ঠাতা ও পানামা গ্রুপের চেয়ারম্যান শ্রী অমল পোদ্দার (সিআইপি), সভাপতি প্রদীপ পোদ্দার, সাধারণ সম্পাদক বাদল পোদ্দার এবং পানামা গ্রুপের সিনিয়র জিএম (অ্যাডমিন ও এইচআর) আতিকুল ইসলামসহ পূজামণ্ডপের ভক্তরা।
জানা যায়, পরিবারের সদস্যদের নিয়ে ভারতীয় উপ-হাইকমিশনার সোনারগাঁয়ের অন্যতম বড় পূজামণ্ডপ পঞ্চমীঘাট পোদ্দারবাড়ি শ্রীশ্রী দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পানামা গ্রুপের চেয়ারম্যান শ্রী অমল পোদ্দার ভারতীয় উপ-হাইকমিশনার শ্রী পবন কুমার বাধেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
পঞ্চমীঘাট পোদ্দারবাড়ি শ্রীশ্রী দুর্গাপূজামণ্ডপের সভাপতি শ্রী প্রদীপ পোদ্দার বলেন, ভারতীয় উপ-হাইকমিশনার আকস্মিকভাবে পঞ্চমীঘাট পূজামণ্ডপ পরিদর্শন করেন। তবে এ সফর তার ব্যক্তিগত, নাকি সরকারি—তা জানা নেই।
সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক বলেন, ভারতীয় উপ-হাইকমিশনার সোনারগাঁয়ে আসার আগমুহূর্ত থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পূজামণ্ডপের আশপাশের এলাকায় অবস্থান নেন। নিরাপত্তার স্বার্থে আমরা সতর্ক অবস্থানে ছিলাম।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, ভারতীয় উপ-হাইকমিশনার পরিবারের সদস্যদের নিয়ে ব্যক্তিগত উদ্যোগে পঞ্চমীঘাট পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এটি তার কোনো সরকারি কর্মসূচি ছিল না।