গৌতম ঘোষালের কথা-সুরে দুর্গাপূজায় ঐশিকা নদীর নতুন গান
চ্যানেল আই অনলাইনপ্রকাশ: আপডেট:
আসন্ন দুর্গাপূজা সামনে রেখে প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী ঐশিকা নদী’র নতুন গান ‘জল ধুয়ে দেয় গানের খাতা’। কলকাতার সুচিত্রা মিউজিক থেকে প্রকাশিত গানের কথা ও সুর করেছেন ভারতের নন্দিত গীতিকার ও সুরকার গৌতম ঘোষাল।
কলকাতার সুচিত্রা মিউজিক থেকে প্রকাশিত এটি ঐশিকা নদীর দ্বিতীয় গান। ২০২৪ সালে উদয় বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে ‘বন্ধুরে প্রাণ বন্ধুরে’ গানটি ছিলো শুভমিতা ব্যানার্জির গাওয়া বিখ্যাত গান ‘যদি বন্ধু হও’ গানের সিক্যুয়েল। গানটি দুই বাংলার শ্রোতাদের কাছেই প্রশংসিত হয়েছিলো।
গত দেড় দশক ধরে নদীর কণ্ঠমাধুর্য এবং গায়কীর শৈলী বিপুলভাবে দর্শকশ্রোতা নন্দিত হয়েছে। বেছে বেছে গান করা এই শিল্পীর কবি জীবনানন্দ দাশ, জসীমউদ্দীন, শামসুর রাহমান, আসাদ চৌধুরী, মাহবুবুল আলম চৌধুরী, রফিক আজাদ, সমুদ্র গুপ্ত, নাসির আহমেদ, সুমন সরদার প্রমুখ বাংলা ভাষার প্রখ্যাত কবিদের কবিতা থেকে ‘কবিতার গান’ শীর্ষক অ্যালবাম প্রকাশিত হয় ২০১০ সালে।
অ্যালবামের কবিতাগুলো সুর করেন তার পিতা প্রখ্যাত সুরকার শাহীন সরদার। প্রায় দেড় যুগ আগে সাংস্কৃতিক অঙ্গনের সুধীমহলে কবিতার গান গেয়ে আলোড়ন সৃষ্টি করেন শিল্পী ঐশিকা নদী। তার ব্যতিক্রমী কণ্ঠের গায়কী স্বকীয়তার কারণে অ্যালবামের গানগুলো প্রশংসিত হয়। ঐশিকা বেতার ও টেলিভিশনেও সংংগীত পরিবেশন করেন।
কলকাতার স্টুডিও রেজোনেন্সে রেকর্ড করা গৌতম ঘোষালের কথা ও সুরে ঐশিকার এই সঙ্গীতায়োজনে ছিলেন পার্থ পাল। শব্দ প্রকৌশলে ছিলেন সঞ্জয় ঘোষ। ভিডিও পরিচালনা করেছেন স্থপতি শুভ ইসলাম।
প্রকাশিত গানটি নিয়ে উচ্ছ্বসিত মন্তব্য করেছেন শিল্পী শুভমিতা, সুরকার-গীতিকার গৌতম ঘোষাল ও সুচিত্রা মিউজিকের কর্ণধার শংকর হালদার।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
