জাতীয় সামার অ্যাথলেটিক্সের শেষ দিনে ২০০ মিটারে স্বর্ণ জিতে ডাবল পূর্ণ করেছেন দেশের দুই শীর্ষ স্প্রিন্টার ইমরানুর রহমান ও শিরিন আক্তার। জাতীয় স্টেডিয়ামে রোববার সমাপনী দিনে নিজ নিজ ক্যাটাগরিতে এই সাফল্য পান তারা।
তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার প্রথম দিনেই ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়েছিলেন ইমরানুর ও শিরিন। টুর্নামেন্টজুড়ে সব মিলিয়ে ৯টি নতুন জাতীয় রেকর্ড গড়ে উঠেছে। ২১টি স্বর্ণ, ২০টি রৌপ্য ও ১৯টি ব্রোঞ্জ নিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আর ১৮টি স্বর্ণ, ১৭টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পেয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
নৌবাহিনীর প্রতিনিধি ইমরানুর পুরুষদের ২০০ মিটারে ২১.১৮ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেন। ২০২২ সালে বনানী আর্মি স্টেডিয়ামে জাতীয় অ্যাথলেটিক্সে প্রথম শিরোপা জয়ের পর এই ইভেন্টে এটি তার দ্বিতীয় পদক। ৪x১০০ মিটার রিলেতেও নৌবাহিনীর স্বর্ণজয়ী দলের সদস্য ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী এই স্প্রিন্টার। প্রতিযোগিতা শেষে টুর্নামেন্টের সেরা পুরুষ অ্যাথলেটও নির্বাচিত হন তিনি।
এই ইভেন্টে ২১.৬৩ ও ২১.৭৭ সেকেন্ড সময় নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান পান বাংলাদেশ সেনাবাহিনীর সন্তোষ কর্মকার ও রাকিবুল হাসান।
২০০ মিটারে জয়ের পর ইমরানুর বলেন, ‘ডাবল জয়ের আনন্দই আলাদা! অনুভূতিটা সত্যিই অসাধারণ।’
তিনি আরও যোগ করেন, ‘মূলত অনুশীলনের অংশ হিসেবেই এই ইভেন্টে নেমেছিলাম, পরিস্থিতি কেমন হয় দেখতে। বেশ হালকা মেজাজে ও উপভোগ করেই দৌড়েছি। ফল যা-ই হোক, আলহামদুলিল্লাহ, আমি বেশ সন্তুষ্ট। সামনে আরও ভালো অনুশীলনের মাধ্যমে আরও ভালো করার ইচ্ছা আছে।’
মেয়েদের ২০০ মিটারে ২৪.৩৫ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়ে সেরা হন শিরিন। এ ইভেন্টে সেনাবাহিনীর শরিফা খাতুন (২৫.১১ সেকেন্ড) ও বর্ষা খাতুন (২৫.৩৩ সেকেন্ড) যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হন।
শিরিনের এই রেকর্ড গড়া পারফরম্যান্সের পরও টুর্নামেন্টের সেরা নারী অ্যাথলেটের সম্মাননা পান তার সতীর্থ প্রিয়া আক্তার। ৮০০, ১৫০০ ও ৩০০০ মিটার—এই তিন ইভেন্টেই স্বর্ণ জিতেন প্রিয়া, যার মধ্যে শেষের দুটি ইভেন্টে তিনি গড়েছেন নতুন জাতীয় রেকর্ড।
