স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনকে সামনে রেখে আগামী ২৫ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ, দাবি-আপত্তি গ্রহণ এবং সংশোধনের জন্য সময়সূচি নির্ধারণ করেছে সংস্থাটি।
শনিবার (১৭ অক্টোবর) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
ইসির প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ৪ নভেম্বরের মধ্যে খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত করে মাঠপর্যায়ে লিংক পাঠানোর কাজ শেষ করতে হবে। পরদিন ৫ নভেম্বর হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা মুদ্রণপূর্বক প্রকাশ করা হবে।
খসড়া তালিকায় কোনো ভুলত্রুটি থাকলে তা সংশোধনের জন্য দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর। এসব আবেদন নিষ্পত্তির শেষ সময় ২৩ নভেম্বর। এরপর ২৪ নভেম্বর আবেদনগুলোর বিষয়ে গৃহীত সিদ্ধান্ত তালিকায় সন্নিবেশ করা হবে। সবশেষে ২৫ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
ইসির চিঠিতে খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শনের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি ভুলত্রুটি সংশোধনের আবেদন দাখিলের বিষয়ে ব্যাপক প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, কার্যক্রম চলাকালে মুদ্রিত খসড়া ভোটার তালিকা পরিদর্শন এবং ভুলত্রুটি সংশোধনের আবেদন করার আহ্বান জানিয়ে মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে নামাজ বা প্রার্থনার আগে কিংবা পরে ঘোষণা দিতে হবে। পাশাপাশি স্থানীয় সাংবাদিক ও ক্যাবল অপারেটরদের মাধ্যমে জনস্বার্থে এ বিষয়ে প্রচারের ব্যবস্থা নিতে হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, মুদ্রিত খসড়া ভোটার তালিকায় পুরুষদের তালিকায় নারী ভোটার কিংবা নারীদের তালিকায় পুরুষ ভোটার অন্তর্ভুক্তির মতো ভুল থাকলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া ধর্মসংক্রান্ত ভুলসহ তালিকায় অন্য কোনো ধরনের ত্রুটি-বিচ্যুতি থাকলে সেগুলোও সংশোধন করতে হবে।
The post স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা appeared first on Rising Cumilla.
