দেশে ডেঙ্গু ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় মোট ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডেঙ্গুতে চারজন এবং হামের উপসর্গ নিয়ে সাতজন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৯৩ জন। অন্যদিকে সন্দেহভাজন ও নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা নতুন করে ১ হাজার ২৭৩ জনে পৌঁছেছে।
রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু ও হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে খুলনা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে একজন করে মারা গেছেন।
একই সময়ে ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে সর্বোচ্চ ৫৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ৩০৪ জন, চট্টগ্রামে ২৯৩, বরিশালে ২৩৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৫০, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৫০, রাজশাহীতে ১৬০, রংপুরে ৮৪, ময়মনসিংহে ৭০ এবং সিলেটে ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩০৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে, দুই সিটি করপোরেশনসহ, মারা গেছেন ১৩৩ জন। এ ছাড়া খুলনায় ৬৩, চট্টগ্রামে ২৭, বরিশালে ২৪, ময়মনসিংহে ২৩, রাজশাহীতে ২২, রংপুরে ছয় এবং সিলেটে তিনজনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬২ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ২৮ জনে। একই সময়ে নতুন করে ৯৩ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২২ হাজার ৪২১ জন।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৪৭ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৪ হাজার ৪৬৯ জন।
বিআলো/শিলি