আজকাল ওয়েবডেস্ক: স্ত্রীকে শ্বাসরোধ করে খুন। আত্মহত্যার আগেই বসকে গোপন মেল পাঠিয়েছিলেন তথ্যপ্রযুক্তি কর্মী। এরপরই চরম পদক্ষেপ! দম্পতির কাণ্ডে হুলস্থুল কাণ্ড গোটা শহরে। উৎসবের আবহে দম্পতির দেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে শ্বাসরোধ করে প্রথমে খুন করেন ওই তথ্যপ্রযুক্তি কর্মী। এরপর আত্মঘাতী হন। আত্মহত্যার আগে অফিসের বসকে মেল পাঠিয়েছিলেন তিনি। সেই মেলে বাবা ও ফ্ল্যাটের মালিককে খবর দিতেও বলেছিলেন তিনি।
জানা গিয়েছে, গত ১৫ অক্টোবর রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি পুলিশকে জানানো হয়। সেক্টর ৬৮-এর এক বিলাসবহুল ফ্ল্যাটের ঘর থেকে দম্পতির দেহ উদ্ধার করে পুলিশ। ঘরের মেঝেতে লুটিয়ে ছিল গৃহবধূর দেহ। ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তথ্যপ্রযুক্তি কর্মীর দেহ।
পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন, ৩০ বছরের মহম্মদ আসলাম ও ২৮ বছরের ফারহানা। আসলাম বেঙ্গালুরুর ও ফারহানা কেরলের বাসিন্দা ছিলেন। গুরুগ্রামে এক আইটি কোম্পানিতে চাকরি করতেন আসলাম। চরম পদক্ষেপ করার আগে কোম্পানির বসের কাছে মেল পাঠিয়েছিলেন তিনি। সেখানে বাবার ও ফ্ল্যাটের মালিকের নম্বর দিয়ে জানিয়েছিলেন, তাঁদের খবর পাঠাতে।
খবর পেয়েই দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তারা পৌঁছনোর আগেই চরম পদক্ষেপ করেছিলেন আসলাম। ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকতেই তাঁদের মৃতদেহ দেখতে পায় পুলিশ। ঘর থেকে একটি চিঠি উদ্ধার হয়েছে। কিন্তু খুন ও আত্মহত্যার নেপথ্যে কী কারণ, তা এখনও জানা যায়নি। ঘটনাটি ঘিরে তদন্ত জারি রেখেছে পুলিশ।
