অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে অভিষেক আসরেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন। তার পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে আসন্ন মৌসুমের জন্যও তাকে দলে রেখে দিয়েছে হোবার্ট হারিকেন্স। অ্যাডাম জাম্পার সঙ্গে রিশাদকে পাওয়ায় দলের লেগস্পিন বিভাগ আরও কার্যকর হবে বলে প্রত্যাশা ফ্র্যাঞ্চাইজিটির।
নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় রিশাদকে ধরে রাখার বিষয়টি নিশ্চিত করেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে দলটির হয়ে বল হাতে নজর কেড়েছিলেন বাংলাদেশের এই স্পিনার। ১২ ম্যাচে ২০.৮৬ গড়ে এবং ৭.৮২ ইকোনমি রেটে তার শিকার ছিল ১৫ উইকেট। এক ম্যাচে ২৬ রান খরচায় ৩ উইকেট নেওয়াই ছিল তার সেরা বোলিং পারফরম্যান্স।
বিগ ব্যাশে প্রথমবার খেলেই এমন সাফল্যের স্বীকৃতিও পেয়েছেন রিশাদ। মৌসুম শেষে হোবার্ট হারিকেন্সের বর্ষসেরা বিবিএল খেলোয়াড় নির্বাচিত হন তিনি। এবারও দলটির হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন এই লেগস্পিনার। তার সেই আগ্রহই চুক্তি নবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন হোবার্টের হাই পারফরম্যান্স বিভাগের মহাব্যবস্থাপক সালিয়ান বিমস।
বিমস বলেন, ‘গত মৌসুমে হোবার্টে সময়টা যে রিশাদের খুব ভালো কেটেছে এবং সে ফিরতে চায়, সেটি আমাদের কাছে স্পষ্ট করেছিল। বিষয়টি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল।’ অ্যাডাম জাম্পাকে দলে যুক্ত করার পর স্কোয়াডের পরিকল্পনায় পরিবর্তন এলেও রিশাদের মতো মানসম্পন্ন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ কাজে লাগাতে চেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
রিশাদের গত মৌসুমের পারফরম্যান্সের প্রশংসা করে বিমস জানান, বিগ ব্যাশে প্রথমবার খেলতে নেমেই সব ম্যাচে অংশ নেওয়া এবং দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া তার দক্ষতার প্রমাণ। পাশাপাশি অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতাও দেখিয়েছেন বাংলাদেশের এই তারকা। বিমস বলেন, ‘গত মৌসুমে রিশাদ আমাদের হয়ে অসাধারণ খেলেছে। প্রথমবার বিগ ব্যাশে এসে প্রতিটি ম্যাচ খেলা এবং দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া তাঁর দক্ষতা ও অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতা তুলে ধরে।’
আগামী ১২ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বিগ ব্যাশ লিগের ১৬তম আসর। নতুন মৌসুমে রিশাদের সঙ্গে হোবার্টের স্পিন আক্রমণে থাকবেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ লেগস্পিনার অ্যাডাম জাম্পাও। দুজনের বোলিংয়ের ধরন ও কার্যকারিতায় পার্থক্য থাকায় প্রতিপক্ষ এবং ম্যাচের পরিস্থিতি বিবেচনায় বোলিং পরিকল্পনায় বাড়তি সুবিধা পাবে দলটি।
বিমসের মতে, গত মৌসুমে মাঝের ওভারগুলোতে রিশাদ যেভাবে প্রতিপক্ষের জন্য বিপজ্জনক হয়ে উঠেছিলেন, তা দলের জন্য বড় ইতিবাচক দিক। দুই মানসম্পন্ন লেগস্পিনারকে একসঙ্গে পাওয়ায় হারিকেন্সের বোলিং আক্রমণে বৈচিত্র্য বাড়বে। একই সঙ্গে কন্ডিশন ও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কৌশল নির্ধারণের সুযোগও আরও বিস্তৃত হবে। তিনি বলেন, ‘জাম্পা দীর্ঘদিন ধরে বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা সাদা বলের বোলার। আর গত মৌসুমে আমরা দেখেছি, মাঝের ওভারগুলোতে রিশাদ কতটা বিপজ্জনক হতে পারে। আমাদের স্কোয়াডে দুজনকে পাওয়ায় বোলিং আক্রমণে অনেক বেশি নমনীয়তা আসবে এবং নতুন মাত্রা যোগ হবে।’
বিগ ব্যাশের ১৬তম আসরে হোবার্ট হারিকেন্সের স্কোয়াড
মার্কাস বিন, ইয়ান কার্লাইল, নিখিল চৌধুরী, টিম ডেভিড, নাথান এলিস, রিশাদ হোসেন, নিক হবসন, শাই হোপ, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মিচ ওয়েন, উইল প্রেস্টউইজ, বিলি স্ট্যানলেক, টিম ওয়ার্ড, জ্যাক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টার ও অ্যাডাম জাম্পা।
সংশ্লিষ্ট সংবাদ: রিশাদ হোসেন
০৫ আগস্ট ২০২৬
২৫ এপ্রিল ২০২৬
০১ এপ্রিল ২০২৬
