পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীসহ হারামাইন শরীফাইনের নিরাপত্তা, সুরক্ষা ও পবিত্রতা রক্ষা মুসলিম উম্মাহর অন্যতম ঈমানি দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক।
তিনি বলেছেন, পবিত্র এ দুই মসজিদের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা অত্যন্ত নিন্দনীয়। এ বিষয়ে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ ও সোচ্চার হতে হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস আয়োজিত জাতীয় সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পবিত্র ভূমি সৌদি আরবে হুথি গোষ্ঠীর হামলার প্রতিবাদ এবং হারামাইন শরীফাইনের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ ভূমিকা জোরদার করার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।
অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক বলেন, ‘হারামাইন শরীফাইনের সুরক্ষা আমাদের ঈমানের অংশ। পবিত্র মক্কা ও মদিনা বিশ্ব মুসলিমের হৃদয়ের স্পন্দন। এ দুই পবিত্র স্থানের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা অত্যন্ত নিন্দনীয় ও ঈমান বিধ্বংসী কাজ। হারামাইন শরীফাইনের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে।’
তিনি আরও বলেন, ‘ইয়েমেনের হুথিদের হামলা ও আগ্রাসন মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের বিষয়। হারামাইন শরীফাইনের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই। পবিত্র দুই মসজিদের সুরক্ষায় সেনাবাহিনী পাঠানোর প্রত্যয় ব্যক্ত করায় আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে হারামাইন শরীফাইনের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় মুসলিম বিশ্বের দেশগুলোকে সমন্বিত, কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাই।’
মুসলিম উম্মাহর পারস্পরিক বিভেদ ভুলে পবিত্র হারামাইন শরীফাইনের সুরক্ষায় ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, পবিত্র স্থানগুলোর ওপর যেকোনো ধরনের আগ্রাসন ও নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া সময়ের দাবি।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুহাম্মদ আসাদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহসভাপতি প্রফেসর ড. দেওয়ান আব্দুর রহীম, প্রফেসর ড. আহমাদুল্লাহ ত্রিশালী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অধ্যাপক প্রফেসর ড. মুসলেহ উদ্দীন, কেন্দ্রীয় জমঈয়তের উপদেষ্টা শাইখ সাইফুদ্দীন বেলাল মাদানী, সংগঠনের সহসভাপতি শাইখ ড. মুহাম্মদ হারুন হুসাইন, প্রফেসর ড. মুহাম্মদ রঈসুদ্দীন, শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইমাম হুসাইন।
আলোচনায় অংশ নেন সংগঠনের যুগ্ম সেক্রেটারি জেনারেল শাইখ ড. মুযাফফর বিন মুহসিন, ফাতাওয়া ও গবেষণাবিষয়ক সেক্রেটারি ড. মুহাম্মদ ইবরাহীম মাদানী, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সেক্রেটারি আনওয়ারুল ইসলাম জাহাঙ্গীর এবং জমঈয়ত শুব্বানে আহলে হাদিস বাংলাদেশের সভাপতি আব্দুল্লাহিল হাদী ও সাধারণ সম্পাদক শাইখ তানযীল আহমাদ প্রমুখ।
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তা এবং হারামাইন শরীফাইনের মর্যাদা রক্ষা মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। এ বিষয়ে বিশ্ব মুসলিমের মধ্যে সচেতনতা, সংহতি ও দায়িত্বশীল অবস্থান জোরদার করা এবং পবিত্র দুই মসজিদের সুরক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা পালনে উদ্বুদ্ধ করাই এ জাতীয় সেমিনারের অন্যতম উদ্দেশ্য।