নুরুল আমিন ভূরুঙ্গামারী( কুড়িগ্রাম) প্রতিনিধি :
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প মোকাবিলাবিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি পালিত হয়।
মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগের সময় করণীয়, নিরাপদে ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যাওয়া এবং অগ্নিনির্বাপণের বিভিন্ন কৌশল হাতে-কলমে প্রদর্শন করেন। এ সময় দুর্যোগকালীন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সচেতনতা ও সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা এবং জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামিলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, উপসহকারী প্রকৌশলী তন্ময় কুমার দত্ত, আইসিটি অফিসার আশরাফুল আলম, নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
এ ছাড়া ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা র্যালি ও সচেতনতামূলক মহড়ায় অংশ নেয়।
কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীসহ উপস্থিত ব্যক্তিদের মধ্যে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, নিরাপত্তাবিধি অনুসরণ এবং জনসচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়। আয়োজকেরা মনে করেন, নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম ও মহড়ার মাধ্যমে দুর্যোগের ঝুঁকি কমানোর পাশাপাশি জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
The post ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত appeared first on সকালের খবর ২৪.
