দুই দশকের অভিজ্ঞতায় রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন, অবদানের স্বীকৃতিতে সম্মাননা পেলেন আট বিশিষ্ট ব্যক্তি
দুই দশকের অভিজ্ঞতায় রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন, অবদানের স্বীকৃতিতে সম্মাননা পেলেন আট বিশিষ্ট ব্যক্তি
আবাসন শিল্পের দুই দশকের অভিজ্ঞতা, বাস্তবতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে প্রকাশিত হয়েছে মেহেদী বিল্লাহ রেজওয়ানের গ্রন্থ ‘আবাসন দর্পণ এক মলাটে সম্পূর্ণ আবাসন’। গ্রন্থটির মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পের আট বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়।

রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে ১০ অক্টোবর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান। ‘আমার আঙিনা প্রকাশনী’ আয়োজিত এ অনুষ্ঠানে আবাসন শিল্পের উদ্যোক্তা, শিক্ষাবিদ, প্রকৌশলী ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
এক মলাটে আবাসন শিল্পের চিত্র
৩৪১ পৃষ্ঠার বইটিতে রয়েছে পাঁচটি অংশ, ২১টি অধ্যায় ও ৪৩০টি উপ-অধ্যায়। আবাসন শিল্পের নানা দিক, বিদ্যমান বাস্তবতা, সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিবর্তনের বিষয়গুলো এতে তুলে ধরা হয়েছে। পাশাপাশি শিল্পের উন্নয়নে স্বচ্ছতা, ন্যায্যতা, টেকসই উন্নয়ন ও তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে।
আবাসন খাতের উদ্যোক্তা, উন্নয়নকারী প্রতিষ্ঠান, বিক্রয় ও বিপণনকর্মী, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য বইটি একটি সমন্বিত জ্ঞানভিত্তিক সহায়ক হিসেবে রচিত। শিল্পের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও জ্ঞান সংরক্ষণ করে তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াও এর অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট ড. মো. আলী আফজাল। আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়েল এস্টেট বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. আমীর আহমেদ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মো. সবুর খান।
এ ছাড়া উপস্থিত ছিলেন আনান্তা রিয়েল এস্টেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলিনুর রহমান, বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেডের (বিটিআই) প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান, এসটিএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ তালায়েত হোসেন, বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তানভীরুল হক প্রোবাল, ট্রপিক্যাল হোমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ রবিউল হক এবং বিটিআইয়ের অ্যাডভাইজার ইমেরিটাস প্রকৌশলী ফয়জুর রহমান খান।
আবাসন শিল্পে অবদানের স্বীকৃতি
অনুষ্ঠানে তিনটি বিভাগে সম্মাননা প্রদান করা হয়। দীর্ঘদিনের অবদান ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ ‘আবাসন কিংবদন্তি সম্মাননা ২০২৬’ পেয়েছেন প্রকৌশলী তানভীরুল হক প্রোবাল, শেখ রবিউল হক, প্রকৌশলী ফয়জুর রহমান খান এবং ড. মো. সবুর খান। প্রধান অতিথি ড. মো. আলী আফজালকে দেওয়া হয় ‘প্রধান অতিথি সম্মাননা ২০২৬’।
অন্যদিকে, নির্বাহী নেতৃত্ব ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় অবদানের জন্য ‘গুরুত্বপূর্ণ নির্বাহী নেতা সম্মাননা ২০২৬’ পেয়েছেন ড. আমীর আহমেদ, এম মাহবুবুর রহমান ও সৈয়দ তালায়েত হোসেন।

লেখক মেহেদী বিল্লাহ রেজওয়ানের মতে, আবাসন শুধু সম্পদ নয়; এটি অসংখ্য পরিবারের স্বপ্ন, অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এবং নিরাপদ ভবিষ্যতের ভিত্তি। এ শিল্পের টেকসই বিকাশে জ্ঞান, দক্ষতা, নৈতিকতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সমন্বয় জরুরি।
‘জিততে হলে জানতে হবে’ প্রত্যয়কে সামনে রেখে প্রকাশিত বইটির মাধ্যমে আবাসন শিল্পে জ্ঞানচর্চা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি বিকশিত হবে বলে আশা প্রকাশ করেন লেখক। তাঁর প্রত্যাশা, শিল্পের অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মধ্য দিয়ে আরও সচেতন, দক্ষ ও সমৃদ্ধ আবাসন খাত গড়ে উঠবে।
ছবি: আয়োজক ও হাল ফ্যাশন
