ঢাকা-১ আসনের সংসদ সদস্য (এমপি) খন্দকার আবু আশফাক বলেছেন, এদেশ কোনো ধর্মান্ধের নয়। এ দেশ সব ধর্মের মানুষের। প্রত্যেকে আমরা বাংলাদেশি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ‘স্বাধীনতার পর গত ৫৫ বছরে এবারই সনাতনীরা আনন্দ উৎসাহ নিয়ে বিএনপিকে সমর্থন দিয়েছে।’ ঢাকা-১ আসনেও এর ব্যতয় ঘটেনি। আমি সেই ঋণ শোধাতে চাই। তাদের সকল ভাল কাজের পাশে থেকে ও শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে চাই। তাই পূজামণ্ডপ পাহারা দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ঋণ শোধ করতে চাই।
খন্দকার আবু আশফাক বলেন, ধর্ম যার যার, উৎসব সবার- এই চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি পূজার আয়োজক, ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। দুর্গোৎসবের সার্বিক খোঁজখবর নেন এবং দলের পক্ষে মন্দিরে নগদ অর্থের অনুদান তুলে দেন।
এ বছর উপজেলার ১৪টি ইউনিয়নে ২০১টি পূজামণ্ডপে সংসদ সদস্য গত তিনদিন ঘুরে দলীয় নেতাকর্মীদের পাহারার দায়িত্ব পর্যবেক্ষণ করছেন বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, বিএনপি নেতা আবু শফিক খন্দকার, এরশাদ আল মামুন, মিজানুর রহমান, যুবদল নেতা রায়হানুল ইসলামসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মী এবং পূজা উদ্যাপন কমিটির নেতারা।
