চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারসংলগ্ন এলাকায় তার চুরির চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাতে সন্দেহভাজন দুজনকে ধাওয়া করার পর প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে একজনকে আটক করেন নিরাপত্তাকর্মীরা।
আটক মোহাম্মদ আজিজুর রহমান (৩১) বিমানবন্দরসংলগ্ন নিজাম মার্কেট এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সকালে তাঁকে জব্দ করা মালামালসহ পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়। পরে চুরির মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দরের জনসংযোগ শাখার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের আর্মি, বিজিবি ও নেভি হ্যাঙ্গারসংলগ্ন এলাকায় টহল দিচ্ছিলেন আনসার সদস্য সাদাম হোসেন ও এপিসি জাহাঙ্গীর হোসেন। এ সময় তাঁরা সন্দেহভাজন দুজনকে দেখতে পান।
তাদের ধাওয়া করলে দুজনই ঘন জঙ্গলের মধ্যে পালানোর চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থলে ফেলে যাওয়া বিভিন্ন ধরনের তার ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
খবর পেয়ে বিমানবন্দরের নিরাপত্তা শাখা, বিমানবাহিনীর কুইক রিঅ্যাকশন ফোর্স ও আনসার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে বিমানবন্দরের সংশ্লিষ্ট শাখার কর্মীদের নিয়ে একটি অনুসন্ধান দল গঠন করা হয়।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নূর হোসেনও ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এরপর ঘন জঙ্গলের মধ্যে তল্লাশি চালিয়ে আজিজুর রহমানকে আটক করা হয়।
The post বিমানবন্দরে তার চুরি করে লুকালেন জঙ্গলে, দুই ঘণ্টা তল্লাশির পর ধরা appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
