মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের সকালের নাস্তায় পচা ডিম, অপুষ্ট কলা ও ওজনে কম পাউরুটি সরবরাহের অনিয়ম ধরা পড়েছে। হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান চালানোর সময় রান্নাঘর পরিদর্শন করে এসব অনিয়ম দেখতে পান জেলা বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান চালাতে যান জেলা বিএনপির নেতাকর্মীরা। পরিচ্ছন্নতা কার্যক্রমের একপর্যায়ে রোগীদের খাবারের মান যাচাই করতে তাঁরা হাসপাতালের রান্নাঘরে যান। সেখানে বরাদ্দ করা খাবার পরীক্ষা করতে গিয়ে অনিয়মের চিত্র দেখতে পান। রোগীদের সকালের নাস্তায় দেওয়ার জন্য প্রস্তুত রাখা খাবারের মধ্যে পচা ডিম, অপুষ্ট ছোট কলা ও নির্ধারিত ওজনের তুলনায় অনেক কম পাউরুটি দেখতে পান তাঁরা।
এ বিষয়ে মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, "হাসপাতালে রোগীদের যে খাবার দেওয়া হচ্ছে তার মান অত্যন্ত খারাপ। শিডিউল অনুযায়ী পাউরুটির ওজন ৮০ গ্রাম থাকার কথা থাকলেও রান্নাঘরে যেসব পাউরুটি পাওয়া গেছে তা ২০ গ্রামও হবে না। এ ছাড়া রোগীদের জন্য যেসব ডিম ও কলা আনা হয়েছে, তার বেশিরভাগ ডিমই নষ্ট-পচা এবং কলাগুলো একেবারে অপুষ্ট।" ঠিকাদারি প্রতিষ্ঠানের এমন অনিয়ম ও জালিয়াতির বিষয়ে হাসপাতাল প্রশাসনসহ সর্বস্তরের মানুষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এর আগে সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে হাসপাতালের নতুন ভবনের সামনে থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। পরে নেতাকর্মীরা হাসপাতাল চত্বর, বিভিন্ন ওয়ার্ড ও বারান্দায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান।
এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা এবং জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএ
