২০২৫ সালের ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন দৈনিক আগামীর সময়ের সিনিয়র সাব-এডিটর রাহেনুর ইসলাম। এ নিয়ে দ্বিতীয়বারের মতো স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার নির্বাচিত হলেন রাহেনুর। এর আগে ২০২৩ সালেও সেরার পুরস্কার জিতে নিয়েছিলেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) পল্টনের ফারস হোটেলের সিন্দুরপুর হলে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজন করে ক্রীড়া সাংবাদিকদের স্বীকৃতি প্রদানের অনুষ্ঠান ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড। বরাবরের মতো স্বাধীন বিচারক প্যানেলের মার্কিংয়ে সর্বোচ্চ নাম্বার পেয়ে তওফিক আজিজ খান ট্রফি এবং ১ লক্ষ টাকার চেক জিতে নেন রাহেনুর। রানার-আপ হয়েছেন প্রথম আলো’র ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ ও ঢাকা পোস্ট ডটকমের সিনিয়র রিপোর্টার আরাফাত জোবায়ের।
বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় বিএসপিএ টানা ১১তম বারের মতো আয়োজন করেছে ক্রীড়া সাংবাদিকদের এই স্বীকৃতি প্রদান অনুষ্ঠান।
এবারও আটটি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়েছে। ২০২৫ সালে এক্সক্লুসিভ রিপোর্ট বিভাগে সেরা হয়ে ‘বদি-উজ-জামান ট্রফি’ জিতেছেন সময় টিভির সিনিয়র রিপোর্টার এস এম ইকবাল কাউসার। রানার্স-আপ হয়েছেন তিনজন- দৈনিক প্রথম আলো’র তারেক মাহমুদ, রিয়াসাদ আজিম ও দৈনিক প্রথম আলো’র জহির উদ্দিন। ইন্টারভিউ (প্রিন্ট ও অনলাইন) বিভাগে সেরা হয়ে ‘আতাউল হক মল্লিক ট্রফি’ জিতেছেন রাহেনুর ইসলাম। এই বিভাগে দুই রানার্স-আপ হয়েছেন দৈনিক প্রথম আলো’র তারেক মাহমুদ ও বাংলাট্রিবিউন ডট কমের তানজীম আহমেদ। ইন্টারভিউ (টিভি) বিভাগে সেরা হয়েছেন নিউজ টোয়েন্টি ফোরের শুভ দেবনাথ। এই বিভাগে দুই রানার্স-আপ যমুনা টেলিভিশনের মেহেদী হাসান নাঈম ও টি স্পোর্টসের মৌসুমী মৌ।
সিরিজ রিপোর্ট বিভাগে সেরা হয়ে ‘আব্দুল হামিদ ট্রফি’ জিতেছেন ঢাকা পোস্ট ডট কমের আরাফাত জোবায়ের। এই বিভাগের দুই রানার্স-আপ দৈনিক আগামীর সময়ের রাহেনুর ইসলাম ও টি স্পোর্টসের রুবেল রেহান। ফিচার (প্রিন্ট ও অনলাইন) বিভাগে সেরা হয়ে ‘রণজিৎ বিশ্বাস ট্রফি’ জিতেছেন দৈনিক কালের কণ্ঠের শাহজাহান কবীর। এই বিভাগে দুই রানার্স-আপ দৈনিক সমকালের সঞ্জয় সাহা পিয়াল ও দ্য ডেইলি স্টারের আশফাক উল আলম। ডকুমেন্টরি (টিভি) বিভাগে সেরা হয়ে ‘রণজিৎ বিশ্বাস’ ট্রফি জিতেছেন এখন টিভি’র এসকে শাওন। এই বিভাগে দুই রানার্স-আপ শরীফ এখন টিভি’র রওশন ও টি স্পোর্টসের রাহুল রায়। ফটোগ্রাফি বিভাগে সেরা হয়ে ‘বদরুল হুদা চৌধুরী ট্রফি’ জিতেছেন প্রথম আলো’র শামসুল হক টেংকু। এই বিভাগে দুই রানার্স-আপ ডেইলি স্টারের ফিরোজ আহমেদ ও দৈনিক আগামীর সময়ের মোশারফ হোসেন।
এই অনুষ্ঠানে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে সিনিয়র ক্রীড়া সাংবাদিক জনাব মোস্তফা কামাল ও সিনিয়র ক্রীড়ালেখক মেজর (অব.) শাহাবউদ্দিন চাকলাদারকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
ক্রীড়া সাংবাদিকদের ব্যক্তিগত উন্নতির জন্য বিভিন্ন কর্মশালা আয়োজন করা এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে নিয়ে আসতে বিএসপি একাডেমি করার পরিকল্পনা সংগঠনটির। এর জন্য সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে আবদার করেন। সেই আবদার পূরণে একাডেমির জন্য ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
আমিনুল হক বলেছেন, “জানুয়ারি-ফেব্রুয়ারিতে যে রিভাইজ বাজেট হবে, সে বাজেটে ইনশাল্লাহ আমাদের প্রায় ১ হাজার ২৪৪ কোটি টাকা, যেটি ইতোমধ্যে অনুমোদন হয়েছে, সেটি আসলে ইনশাল্লাহ আমরা সেই সিড মানির একটি অংশ আমাদের এই জার্নালিস্ট, যারা ক্রীড়া সাংবাদিকতার সাথে জড়িত আছেন, তাদের জন্য আমরা একটি বিশেষ একটি ব্যবস্থা থাকবে, ইনশাল্লাহ।"
