ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীকে ঘিরে ফেসবুকে নানা অপপ্রচার চালানো হচ্ছে। সম্প্রতি তাদের একমাত্র ছেলে ফারদিন এহসান স্বাধীনের বিরুদ্ধে অভিযোগ ওঠে- তিনি কৌশলে সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে আমেরিকার বাসা থেকে মাকে বের করে দিয়েছেন। তবে বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ওমর সানী।
এবার মাকে নিয়ে এমন অপপ্রচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন ফারদিন।
ওমর সানী জানান, তার ছেলে ফারদিন বর্তমানে দুবাইয়ে থাকেন এবং মৌসুমী অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। এছাড়া যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পত্তি নেই বলেও দাবি করেন তিনি। ফলে মৌসুমীকে বাড়ি থেকে বের করে দেওয়ার যে খবর সামাজিকমাধ্যমে ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানান এই অভিনেতা।
এদিকে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টা ৫৭ মিনিটে ফেসবুক পেজে এক স্ট্যাটাসে হুঁশিয়ারি দেন ফারদিন। লিখেছেন, ‘২৪ ঘণ্টা সময় দিচ্ছি, তারপরে উকিল নোটিশ এবং মামলা। এই কথা বলার আগে তার কলিজা কতটুকু, সে বাংলাদেশের জন্ম কি না, সেটা আমার দেখা দরকার আছে। আমার মা হচ্ছে আমার মাথার তাজ। অনেক হয়েছে, প্যাকেট করে বাসায় যাও। এইসব ডিলিট করার সময় ২৪ ঘণ্টা, না হলে বাকিটা পরশু দেখা যাবে।’
ছেলের ফেসবুক পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে তাকে ধন্যবাদ জানান ওমর সানী। মাকে নিয়ে ছড়ানো অপপ্রচারের বিরুদ্ধে ফারদিনের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি।
অন্যদিকে, ফারদিনের পোস্টে দুটি ফেসবুক পেজের স্ক্রিনশট দেখা যায়। তার অভিযোগ, এসব পেজ থেকে ওমর সানী ও মৌসুমীর পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার করা হচ্ছিল। পোস্টের সঙ্গে একটি ভিডিও লিংকও শেয়ার করেন তিনি। তবে লিংকটিতে ক্লিক করে ভিডিওটি আর পাওয়া যায়নি।
