রাজবাড়ীর গোয়ালন্দঘাট থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদককারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত ১২ টন ধারণক্ষমতার ঝুটবোঝাই একটি কার্গো ট্রাক ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মীর মনির হোসেন এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, আজ ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদককারবারীকে আটক করা হয়। তারা হলেন যশোরের বেনাপোল পোর্ট থানার গয়রা এলাকার মো. রমজান আলী (৩৪), দীঘিরপাড় এলাকার ট্রাকচালক মো. আরমান হোসেন ইউনুস (৩০) এবং কাগমারী এলাকার ট্রাকের সহকারী মো. আরিফ হোসেন (৩২)। রমজান আলী এ চালানের মূল মাদককারবারী।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, ইয়াবার একটি বড় চালান নিয়ে একটি ট্রাক পাটুরিয়া ফেরিঘাট হয়ে যশোরের দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে তারা। পরে ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেট্রো-ট-১৮-১১১৮ নম্বরের ঝুটবোঝাই একটি কার্গো ট্রাক থামানো হয়। ট্রাকের চালক, সহকারী ও চালকের পেছনের বক্সে থাকা এক ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশের সদস্যরা তাদের আটক করেন।
পুলিশ সুপার আরও জানান, ডিবি পুলিশের সদস্যরা তল্লাশি চালিয়ে ট্রাকের পেছনের বক্সে থাকা রমজান আলীর মাথার নিচ থেকে ১৫০টি নীল রঙের জিপার ব্যাগে রাখা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। উদ্ধার করা মাদকের ওজন আনুমানিক তিন কেজি এবং বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা। পরে ট্রাকটিও জব্দ করা হয়। উদ্ধার করা মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে দুটি স্মার্টফোন এবং একটি বাটন ফোন।
পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে বিক্রির জন্য ইয়াবাগুলো ঢাকা থেকে সংগ্রহ করে ট্রাকচালক ও সহকারীর সহযোগিতায় যশোরে নেওয়া হচ্ছিল।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দঘাট থানায় মামলার পর আদালতে পাঠানো হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শামছুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (পাংশা সার্কেল) রাকিব খান, গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, ডিবি পুলিশের ওসি মো. মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।
