Published : 18 Oct 2026, 04:51 PM
Updated : 18 Oct 2026, 04:50 PM
একাদশ শ্রেণিতে ভর্তিতে তৃতীয় ধাপে আবেদনের সুযোগ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড।
যেসব শিক্ষার্থী আগে আবেদন করেননি, বা করেও কোনো কলেজে ভর্তি হওয়ার জন্য নির্বাচিত হননি, মনোনিত হলেও নিশ্চায়ন করতে পারেননি বা নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেননি, অথবা ভুল কোটা নির্ধারণের কারণে ভর্তি হওয়ার সুযোগ পাননি, তারা তৃতীয় ধাপে আবেদন করতে পারবেন।
শনিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ অক্টোবর থেকে ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত এই ধাপের আবেদন করা যাবে। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশিত হবে ৩০ অক্টোবর রাত ৮টায়।
শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয়ন চলবে ফল প্রকাশের পর থেকে ৩১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত। শিক্ষার্থীরা নিশ্চায়ন না করলে নির্বাচন এবং আবেদন বাতিল করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে ২ ও ৩ নভেম্বর।
প্রথম ও দ্বিতীয় ধাপের মতই ভর্তীচ্ছু শিক্ষার্থীরা খালি আসনের সংখ্যা দেখে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনের ভর্তির এই তৃতীয় ধাপ সর্বশেষ ধাপ বলে গণ্য করা হবে। অর্থাৎ এর পর আর ভর্তির সুযোগ মিলবে না। শিক্ষা বোর্ডের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd/) আবেদন পদ্ধতির বিস্তারিত জানা যাবে।
এর আগে দুই ধাপে আবেদন নিয়ে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কিরা হয়। এর মধ্যে প্রথম ধাপের আবেদন ও নির্বাচনপ্রক্রিয়া শেষে গত ২৪ সেপ্টেম্বর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ক্লাসও শুরু হয়েছে।
