ইসলামী ফ্রন্ট • ‘চট্টগ্রাম বন্দর বিদেশি বেনিয়াদের হাতে তুলে দেওয়া যাবে না’
চট্টগ্রাম বন্দর বিদেশি বেনিয়াদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। দলটির নেতারা বলছেন, জনগণকে না জানিয়ে দেশের গুরুত্বপূর্ণ সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়া দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের পরিপন্থি। এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে না এলে দেশজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে এসব কথা বলেন বক্তারা।
বিজ্ঞাপন
কর্মসূচিতে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এই বন্দর ও টার্মিনাল বিদেশি বেনিয়াদের হাতে তুলে দেওয়ার পদক্ষেপ দেশের স্বার্থবিরোধী। জনগণকে অন্ধকারে রেখে দেশের গুরুত্বপূর্ণ সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না।
তারা আরও বলেন, বিভিন্ন সরকার জনগণের ভোটে ক্ষমতায় এসে জনগণের স্বার্থের পরিবর্তে বিদেশি শক্তিকে সন্তুষ্ট করার নীতি অনুসরণ করেছে। ভারতীয় আধিপত্যবাদের পাশাপাশি আমেরিকাসহ অন্যান্য বিদেশি শক্তির প্রভাব ও হস্তক্ষেপের বিরুদ্ধেও দেশবাসীকে সোচ্চার হতে হবে।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এ দেশের মানুষ বারবার নিজেদের অধিকার ও সার্বভৌমত্ব রক্ষার প্রমাণ দিয়েছে। দেশের সম্পদ রক্ষার প্রশ্নেও জনগণ আপস করবে না।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশি বেনিয়াদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকার সরে না এলে দেশপ্রেমিক রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ৬৮ হাজার গ্রাম ও শহরের রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব স.উ. ম আব্দুস সামাদ, ইসলামী ফ্রন্টের মহানগর সেক্রেটারি আব্দুল হাকীম, সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন দোলাল এবং ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি মো. আজাদ হোসাইন প্রমুখ।
আরএএন/এসএনআর
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
