বগুড়া মহানগরের সেউজগাড়ী এলাকায় নিরব (২৮) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সেউজগাড়ী আমতলা এলাকায় একটি হোটেলের পেছনের গলিতে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিরব ওই গলিতে বসে ছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি দল সেখানে এসে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা রামদা, চাপাতিসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
আহত নিরব সেউজগাড়ী এলাকার ফরিদুল ইসলাম লিটনের ছেলে।
প্রাথমিক তথ্যে, পূর্বশত্রুতার জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হামলার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় জড়িতদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
