অনলাইন ডেস্ক
আসন সমঝোতা নিয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ১১ দলীয় জোট। এ লক্ষ্যে বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে জোটের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। পরে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
১১ দলীয় সূত্র জানায়, দুপুরের বৈঠকে সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে সকাল থেকে বিভিন্ন শরিক দল নিজ নিজ নির্বাহী পরিষদের বৈঠক করবে।
এদিকে জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান ফেসবুক পোস্টে জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলের চূড়ান্ত আসন তালিকা বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে ঘোষণা করা হবে।
অন্যদিকে খেলাফত মজলিস বুধবার বেলা ১১টায় কেন্দ্রীয় মজলিসে শুরার জরুরি বৈঠক ডেকেছে। বৈঠক শেষে তারা নির্বাচনী সিদ্ধান্ত জানাবে বলে জানা গেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মঙ্গলবার রাতে নির্বাহী পরিষদের বৈঠক করলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে বুধবার এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
