প্রকাশ: ২৩:২৯, রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ |
MR Rahel অনলাইন ভার্সন
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ও নারী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি কনস্যুলার সেবার মান বাড়ানোর ওপর তীব্র গুরুত্বারোপ করেছে জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের সাম্প্রতিক শিরশ্ছেদের ঘটনায় কোনো কনস্যুলার কর্মকর্তার গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখে কমিটিকে দ্রুত অবহিত করার সুপারিশ করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ‘পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩য় বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা ও সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, এমপি।
বৈঠকে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর বর্তমান কার্যক্রম, জনবল পরিস্থিতি, বাংলাদেশ-সৌদি আরব দ্বিপাক্ষিক সম্পর্ক, দ্বিপাক্ষিক বাণিজ্য, কর্মসংস্থান, রেমিট্যান্স এবং শ্রমবাজারের নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়।
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড (শিরশ্ছেদ) কার্যকর করার বিষয়ে কমিটির পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে স্পষ্ট ব্যাখ্যা ও তথ্য চাওয়া হয়। কমিটি সুপারিশ করে যে, সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ সংগ্রহ করতে হবে। ভবিষ্যতে এ ধরনের নির্মম ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং উক্ত ঘটনায় সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না—তা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা সংসদীয় কমিটিকে জানাতে হবে।
এছাড়া সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত নারী শ্রমিকদের সার্বিক নিরাপত্তা ও সুরক্ষায় কার্যকরী পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়। পাশাপাশি সৌদি আরবে বাংলাদেশ মিশনগুলোর সেবার মান বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আধুনিকায়ন পরিকল্পনা বৈঠকে উপস্থাপন করা হয়।
বৈঠকের অপরাংশে, সম্প্রতি অনুষ্ঠিত ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (IPU) সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের জোরালো ভূমিকা এবং আইপিইউ নির্বাহী কমিটিতে (এশিয়া-প্যাসিফিক গ্রুপ) স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী সদস্য নির্বাচিত হওয়ায় সার্বিক সহযোগিতার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়। এছাড়া কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করায় মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কমিটি।
কমিটির সভাপতি ছাড়াও বৈঠকে সংশ্লিষ্ট সংসদ সদস্যগণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
