জিততে হবে ৪১ রানের ব্যবধানে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পিএম
আপডেট: ২১ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পিএম
ছবি: সংগৃহীত
-->ত্রিদেশীয় সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয়। ফাইনালে খেলতে হলে এই ম্যাচে আফগানিস্তানকে হারাতে হবে ৪১ রানের ব্যবধানে।
বাংলাদেশের একাদশে তিনটি পরিবর্তন এসেছে। জিম্বাবুয়ের বিপক্ষে একাদশে থাকা রিশাদ হোসেন, নুরুল হাসান ও মোসাদ্দেক হোসেন নেই স্কোয়াডে। তাদের জায়গায় দলে ঠাই পেয়েছেন আলিস আল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও পারভেজ হোসেন। গত মাসে এশিয়ান গেমসে টি-টোয়েন্টি অভিষেক হওয়া আলিসের ওয়ানডে অভিষেক হচ্ছে আজ।
বাংলাদেশ একাদশ: তাওহিদ হৃদয় (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, সাইফ হাসান, পারভেজ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও আলিস আল ইসলাম।
চঞ্চল/নাঈম
আরও পড়ুন
ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ, শুরু হবে কবে?
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পিএম
ছবি: সংগৃহীত
-->ঘরের মাঠে বিশ্বকাপ। প্রতিপক্ষ শক্তিশালী, চ্যালেঞ্জও কঠিন। তবে এবার স্বপ্নটা আরও বড়। মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপার লক্ষ্যে লড়াইয়ে নামবে বাংলাদেশ। আগামী ২১ জানুয়ারি সিলেটে পর্দা উঠবে এই টুর্নামেন্টের। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
আসন্ন মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এবারের আসর। ১৬ দিনের এই টুর্নামেন্টে অংশ নেবে ১৬টি দল। সব মিলিয়ে মাঠে গড়াবে ৪১টি ম্যাচ।
উদ্বোধনী দিনে সিলেটে বাংলাদেশের প্রতিপক্ষ আরব আমিরাত। ম্যাচটি দিয়ে বিশ্বকাপ অভিযানে নামবে স্বাগতিকেরা। গ্রুপ পর্বে নিজেদের বাকি দুই ম্যাচেও সিলেটেই খেলবে বাংলাদেশ। ফলে চেনা পরিবেশে ভালো শুরুর সুযোগ থাকছে দলের সামনে।
বাংলাদেশ ও নেপালের চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে হবে ১২টি করে ম্যাচ। নেপালের কীর্তিপুরে অনুষ্ঠিত হবে সাতটি ম্যাচ। আর মুলপানিতে হবে আটটি ম্যাচ।
উদ্বোধনী দিনেই সিলেট ও মুলপানিতে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা ও দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচগুলো।
টুর্নামেন্টের ১৬টি দলকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী অস্ট্রেলিয়া, আরব আমিরাত ও নাইজেরিয়া। গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ।
গ্রুপ পর্বের খেলা শেষ হবে ২৬ জানুয়ারি। প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল উঠবে সুপার সিক্স পর্বে। এরপর শুরু হবে সেমিফাইনালে ওঠার লড়াই।
আগামী ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। একই ভেন্যুতে ৬ ফেব্রুয়ারি হবে ফাইনাল। গুরুত্বপূর্ণ এই দুই ধাপের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।
পাপ্পু/
আরও পড়ুন
ক্যারিকের ভবিষ্যৎ নিয়ে সংশয়, সমাধান কেবল জয়
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পিএম
আপডেট: ২১ অক্টোবর ২০২৬, ০৩:১০ পিএম
ছবি: সংগৃহীত
-->চাপ বাড়ছে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিকের ওপর। একের পর এক ব্যর্থতায় প্রশ্ন উঠছে তার ভবিষ্যৎ নিয়ে। তবে এসব গুঞ্জন থামাতে ক্লাব কর্তাদের আশ্বাস নয়, মাঠে জয় চান তিনি। ক্যারিকের বিশ্বাস, জয়ের ধারায় ফিরলেই বদলে যাবে পরিস্থিতি।
মৌসুমটা মোটেও ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত জয় মাত্র দুটি ম্যাচে। গত ৪০ বছরের মধ্যে শীর্ষ লিগে সবচেয়ে বাজে শুরুর অভিজ্ঞতাও হয়েছে দলটির। ফলে ওল্ড ট্রাফোর্ডে বাড়ছে অস্বস্তি।
গত মাসে লিগ কাপ থেকে বিদায় নিয়েছে ইউনাইটেড। ব্রাইটনের কাছে হেরে শেষ হয়েছে তাদের সেই যাত্রা। এরপর গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠেও বড় ব্যবধানে হেরেছে দলটি। সব মিলিয়ে চাপে পড়েছেন কোচ মাইকেল ক্যারিক।
গত মৌসুমের দ্বিতীয় ভাগে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়ে সাফল্য পেয়েছিলেন ক্যারিক। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই গত মে মাসে স্থায়ীভাবে দায়িত্ব পান তিনি। কিন্তু নতুন মৌসুমে দলকে ছন্দে ফেরাতে পারছেন না এই ইংলিশ কোচ।
বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইতালির কোমোর মাঠে খেলতে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে নিজের অবস্থান স্পষ্ট করেন ক্যারিক। তিনি বলেন, ‘সবকিছু স্বাভাবিক ও ছন্দে ফিরিয়ে আনতে আমাদের ম্যাচ জিততেই হবে। সবচেয়ে ভালো দিক হলো, আমরা চাইলেই পরিস্থিতি বদলাতে পারি।’
ক্লাব কর্তাদের কাছ থেকে কোনো আশ্বাসও চান না ক্যারিক। নিজের দায়িত্ব সম্পর্কে তিনি পুরোপুরি সচেতন। তার ভাষায়, ‘আমার কোনো আশ্বাসের প্রয়োজন নেই। বিষয়টি পানির মতো পরিষ্কার।’
তিনি আরও বলেন, ‘আমি আমার দায়িত্ব ও পদের গুরুত্ব জানি। পরিস্থিতি কেমন যাচ্ছে, কিংবা কোথায় উন্নতি প্রয়োজন, তা আমাকে অন্য কারও মনে করিয়ে দিতে হয় না। আমি নিজেই ভালো জানি।’
পাপ্পু/
আরও পড়ুন
পারফরম্যান্স দিয়েই দলে জায়গা পেতে হবে: রিয়াল কোচ
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
-->দলের জার্সি নয়, গুরুত্ব পাবে পারফরম্যান্স। নাম কিংবা তারকা খ্যাতি কাউকে একাদশে জায়গা নিশ্চিত করে দিতে পারে না। রিয়াল মাদ্রিদের ডাগআউট থেকে এমনই স্পষ্ট বার্তা দিলেন কোচ হোসে মরিনহো। তার মতে, ক্লাবে একমাত্র লোগোটিই অস্পৃশ্য। বাকি সবার জায়গা নির্ভর করবে মাঠের পারফরম্যান্সের ওপর।
চ্যাম্পিয়ন্স লিগে আরবি লাইপজিগের বিপক্ষে ম্যাচের আগে আলোচনায় ভিনিসিয়ুস জুনিয়র। লা লিগায় নিষেধাজ্ঞার কারণে আপাতত ইউরোপীয় প্রতিযোগিতাতেই খেলার সুযোগ পাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে সাম্প্রতিক পারফরম্যান্স তার জন্য স্বস্তির নয়। গত সপ্তাহে রোমার বিপক্ষে নিষ্প্রভ ছিলেন তিনি। ৫৮ মিনিটেই তাকে তুলে নেন মরিনহো। বদলি হিসেবে নেমে নজর কাড়েন এনড্রিক। তার দারুণ পারফরম্যান্সে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয় পায় রিয়াল।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে মাত্র একটি গোল করেছেন ভিনিসিয়ুস। ফলে একাদশে জায়গা ধরে রাখার লড়াইও কঠিন হচ্ছে। বিশেষ করে ইয়ান দিওমান্দে ও এনড্রিকের মতো খেলোয়াড়েরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়ায় প্রতিযোগিতা বেড়েছে আরও।
মঙ্গলবার (২০ অক্টোবর) মরিনহো বলেন, ‘শুধু ক্লাবের লোগোটাই অস্পৃশ্য। কোনো খেলোয়াড়কে আমি অস্পৃশ্য মনে করি না। অধিনায়কের আর্মব্যান্ড, ক্লাবে দীর্ঘদিনের অবস্থান কিংবা বিশেষ মর্যাদা-কোনোটিই কাউকে আলাদা সুবিধা দেয় না। একজন খেলোয়াড়কে গুরুত্বপূর্ণ করে তোলে তার পারফরম্যান্স।’
এদিকে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল। সামনে কাম্প নউয়ে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকো। তার আগে চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য ভালো অবস্থানে দলটি। ইন্টার মিলান ও রোমার বিপক্ষে প্রথম দুই ম্যাচেই জিতেছে তারা।
তবে এখনই শিরোপার স্বপ্নে বিভোর হতে চান না মরিনহো। তার চোখ আপাতত পরের ধাপে। রিয়াল কোচ বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য এখনো অনেক পথ বাকি। এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য নকআউট পর্বে জায়গা নিশ্চিত করা। এরপর চেষ্টা থাকবে প্লে-অফ এড়িয়ে সরাসরি পরের ধাপে ওঠার। কারণ প্লে-অফের দুটি ম্যাচই ভীষণ কঠিন হতে পারে।’
পাপ্পু/
আরও পড়ুন
এমবাপ্পের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১১:৩৩ এএম
আপডেট: ২১ অক্টোবর ২০২৬, ১১:৩৩ এএম
ছবি: সংগৃহীত
-->বয়স মাত্র ১৮। অথচ ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় একের পর এক রেকর্ড গড়ছেন লামিনে ইয়ামাল। এবার ছুঁয়ে ফেললেন কিলিয়ান এমবাপ্পেকে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কিশোর খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলের রেকর্ডে যৌথভাবে শীর্ষে উঠেছেন বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গার।
মঙ্গলবার (২০ অক্টোবর) প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে গোল করে এই কীর্তি গড়েন ইয়ামাল। ম্যাচের ৭৯ মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ফাঁক গলে বল পেয়ে যান তিনি। এরপর পিএসজির গোলরক্ষক মাতভে সাফোনভকে পরাস্ত করে জালে বল পাঠান। চ্যাম্পিয়ন্স লিগে এটি তার ১৩তম গোল।
এই গোলেই এমবাপ্পের পাশে জায়গা করে নেন ইয়ামাল। তবে দুজনের অর্জনের পথে রয়েছে ম্যাচসংখ্যার বড় পার্থক্য। চ্যাম্পিয়নস লিগে ৩৫ ম্যাচে এসে ১৩ গোলের মাইলফলক স্পর্শ করেছেন ইয়ামাল। অন্যদিকে, মাত্র ২৩ ম্যাচেই এই গোলসংখ্যায় পৌঁছেছিলেন এমবাপ্পে।
তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় তারকা আর্লিং হালান্ড। কিশোর বয়সে চ্যাম্পিয়ন্স লিগে তার গোলসংখ্যা ১০। এরপর সাত গোল নিয়ে আছেন সাবেক ডাচ তারকা প্যাট্রিক ক্লুইভার্ট।
এই তালিকায় ছয় গোল করে যৌথভাবে রয়েছেন রাউল, জুড বেলিংহাম ও করিম বেনজেমা। পাঁচ গোল নিয়ে তাদের পরেই আইয়েগবেনি ইয়াকুবু।
পাপ্পু/
