এম,শাহজাহান শেরপুর জেলা প্রতিনিধিঃ সরকারি নির্দেশনা অনুযায়ী শনিবার (২৪ অক্টোবর) ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে শেরপুর জেলা সদরসহ সকল উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এ কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, বাজার, শপিংপ্লেস, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। শেরপুর জেলার পাঁচটি উপজেলার মধ্যে নকলা উপজেলায় ৭৪টি স্থানে ১,৪৭৫ জন, শ্রীবরদী উপজেলায় ৫৯টি স্থানে ৯৯৫ জন, শেরপুর সদর উপজেলায় ৬১টি স্থানে ২২২ জন,
ঝিনাইগাতী উপজেলায় ৩৫টি স্থানে ১৬৭ জন, নালিতাবাড়ী উপজেলায় ৩৭টি স্থানে ১৬৬ জন,পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন। শেরপুর জেলা শহরে পরিচালিত পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন উপপরিচালক (উপসচিব) স্থানীয় সরকার মিজ্ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ এবং শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ আসমা বিনতে রফিকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও অংশীজন। এ ছাড়া জেলার অন্যান্য উপজেলায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় বাসিন্দারা এ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
অভিযানকালে পরিবেশ পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। জেলার ৫টি উপজেলায় ২শত ৬৬টি স্থানে পরিচালিত অভিযানে মোট ৩ হাজার ২৫ জন মানুষ অংশ গ্রহণ করেন।
The post ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে শেরপুর জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান appeared first on sokalerkhobor24.com.
